বিগ ব্যাশে বিরল টাইমড আউট: ব্যাটার ছাড়াই সরাসরি স্টাম্পে বল করে উইকেট

বিগ ব্যাশ লিগে এক অভিনব ও বিরল আউটের সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। ব্রিসবেনের দেওয়া ১৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডটিন নির্ধারিত সময়ের মধ্যে ক্রিজে পৌঁছাতে ব্যর্থ হন। ২০২১-২২ মরশুম থেকে বিগ ব্যাশে চালু হওয়া বিশেষ নিয়ম অনুযায়ী, কোনো ব্যাটার আউট হওয়ার পর পরবর্তী ব্যাটারকে ৭৫ সেকেন্ডের মধ্যে প্রথম বল খেলার জন্য প্রস্তুত হতে হয়।
নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুত হতে না পারায় ডটিনকে লেগ সাইডে স্টাম্পের সরলরেখা থেকে পাঁচ মিটার দূরে দাঁড়াতে হয়। এই সুযোগে বোলার সারা গ্লেন সরাসরি ফাঁকা স্টাম্প লক্ষ্য করে বল ছুড়ে উইকেট ভেঙে দেন। কোনো বল না খেলেই শূন্য রানে সাজঘরে ফিরতে হয় ডটিনকে। নিয়ম অনুযায়ী, এই ডেলিভারিটি বৈধ হিসেবে গণ্য হয়েছে এবং উইকেটটি সারা গ্লেনের নামের পাশে যুক্ত হয়েছে।
ম্যাচ শেষে রেনেগেডস অধিনায়ক সোফি মোলিনু জানান, ক্রিকেটে এমন ঘটনা আগে কখনো দেখা যায়নি। এটি সব দলের জন্যই একটি বড় শিক্ষা। ফ্রি হিটের পর ক্রিকেট বিশ্ব এবার এক অদ্ভুত ‘ফ্রি বল’-এর নজির দেখল। এই ঘটনাটি ক্রিকেটীয় নিয়মের এক নতুন দিক উন্মোচন করেছে, যা নিয়ে এখন চর্চা চলছে সর্বত্র।