২০২৫ সালে প্রতি ঘণ্টায় পাঁচজন নারী খুন হয়েছেন সঙ্গী বা আত্মীয়দের হাতে: রাষ্ট্রসংঘের রিপোর্ট

২০২৫ সালে প্রতি ঘণ্টায় পাঁচজন নারী খুন হয়েছেন সঙ্গী বা আত্মীয়দের হাতে: রাষ্ট্রসংঘের রিপোর্ট

রাষ্ট্রসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে নারী নিরাপত্তার এক ভয়াবহ চিত্র। ২০২৫ সালে বিশ্বজুড়ে প্রায় ৪৭ হাজার নারী ও কিশোরী তাদের সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে নিহত হয়েছেন। পরিসংখ্যান অনুযায়ী, প্রতিদিন গড়ে ১২৯ জন, অর্থাৎ প্রতি ঘণ্টায় প্রায় পাঁচজন নারী ও কিশোরী পারিবারিক হিংসার বলি হয়েছেন। রাষ্ট্রসংঘের মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয় এবং ইউএন উইমেন-এর যৌথ বার্ষিক প্রতিবেদন ‘ফেমিসাইড ব্রিফ ২০২৬’ অনুযায়ী, ওই বছর মোট ৭৮ হাজার নারী হত্যার ঘটনার মধ্যে ৬০ শতাংশই ঘটেছে নিকটজনদের হাতে।

প্রতিবেদন অনুযায়ী, নারী হত্যার এই প্রবণতা বিশ্বজুড়ে উদ্বেগজনকভাবে স্থিতিশীল। ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে দেখা গেছে, আফ্রিকায় এই ধরনের হত্যাকাণ্ডের সংখ্যা সবচেয়ে বেশি, যেখানে ২২ হাজার ১০০ জন নারী প্রাণ হারিয়েছেন। এরপরই রয়েছে এশিয়া (১৫ হাজার ১০০ জন) এবং আমেরিকা অঞ্চল (৭ হাজার ৪০০ জন)। সামগ্রিক হত্যাকাণ্ডের হার যে গতিতে কমছে, নারী হত্যার হার সেই তুলনায় অত্যন্ত ধীরগতিতে হ্রাস পাচ্ছে, যা লিঙ্গবৈষম্যের এক গভীর সংকটকে নির্দেশ করে।

বিশেষজ্ঞদের মতে, নারী হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দীর্ঘদিনের নির্যাতন ও হিংসার চূড়ান্ত পরিণতি। অপরাধী ও ভুক্তভোগীর মধ্যে পূর্বের হিংসার ইতিহাস এবং বিচ্ছেদের সম্ভাবনা এই ঝুঁকিকে আরও বাড়িয়ে তোলে। এছাড়া সামাজিক রীতিনীতি ও প্রাতিষ্ঠানিক সুরক্ষাব্যবস্থার ব্যর্থতা অনেক ক্ষেত্রে এই অপরাধকে প্রশ্রয় দেয়। রাষ্ট্রসংঘের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে যে, কোনো সতর্ক সংকেত উপেক্ষা না করে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, যাতে অপরাধীরা জবাবদিহিতার ঊর্ধ্বে না থাকে এবং ভুক্তভোগীরা যথাযথ সুরক্ষা পান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *