প্লে স্টোরে ভুয়ো অ্যাপের বাড়বাড়ন্ত, ডাউনলোড করার আগে সতর্ক থাকুন

গুগল প্লে স্টোরে লোন অ্যাপ, ক্যাশব্যাক বা সরকারি প্রকল্পের নামে ভুয়ো ও ক্ষতিকর অ্যাপের সংখ্যা ক্রমশ বাড়ছে। সাইবার অপরাধীরা আসল অ্যাপের হুবহু নাম ও লোগো ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে। অনেক সময় হোয়াটসঅ্যাপ বা এসএমএসে আসা লিংকে ক্লিক করলেই ফোনে এই ক্ষতিকর অ্যাপ ডাউনলোড হয়ে যাচ্ছে, যার ফলে ওটিপি চুরি, ব্যক্তিগত তথ্য ফাঁস বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হওয়ার মতো ঘটনা ঘটছে।
অ্যাপ ইনস্টল করার আগে ডেভেলপারের নাম ও যোগাযোগের ঠিকানা যাচাই করা জরুরি। অনেক সময় নামী সংস্থার অ্যাপের নামে সামান্য বানান ভুল থাকে। এছাড়া অ্যাপের ডাউনলোড সংখ্যা এবং ব্যবহারকারীদের রিভিউ দেখে নেওয়া প্রয়োজন। যদি কোনো অ্যাপ সবেমাত্র প্লে স্টোরে এসেছে অথচ প্রচুর ভালো রিভিউ রয়েছে, তবে সতর্ক হওয়া উচিত। আবার ক্যালকুলেটর বা টর্চলাইটের মতো সাধারণ অ্যাপ যদি কন্ট্যাক্ট, ক্যামেরা বা এসএমএস-এর অনুমতি চায়, তবে তা সন্দেহজনক বলে গণ্য করতে হবে।
প্লে স্টোরের ‘ডেটা সেফটি’ বিভাগে গিয়ে অ্যাপটি কী ধরনের তথ্য সংগ্রহ করছে, তা দেখে নেওয়া বুদ্ধিমানের কাজ। কোনো লিংকে ক্লিক না করে সরাসরি প্লে স্টোরে গিয়ে অ্যাপ খুঁজে নেওয়া সবচেয়ে নিরাপদ। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, সামান্য সচেতনতা এবং এই কয়েকটি সাধারণ অভ্যাস মেনে চললে কষ্টের টাকা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা সম্ভব। বিশেষ করে বাড়ির বয়স্ক বা প্রযুক্তি সম্পর্কে কম সচেতন ব্যক্তিদের এই বিষয়ে সতর্ক করা প্রয়োজন।