দাউদের পুরনো ডেরা মুসাফিরখানায় প্রবেশে নিষেধাজ্ঞা বম্বে হাইকোর্টের

দক্ষিণ মুম্বইয়ের ভিন্ডি বাজারে অবস্থিত হাজি ইসমাইল হাজি হাবিব মুসাফিরখানায় সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করল বম্বে হাইকোর্ট। বুধবার প্রধান বিচারপতি মহেশ চন্দ্র ত্রিপাঠি এবং বিচারপতি অদ্বৈত সেঠনার বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। ভবনের জরাজীর্ণ অবস্থা এবং মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করেই আদালত এই কড়া পদক্ষেপ নিয়েছে। স্থানীয় পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, বিতর্কিত এই চত্বরে যেন কোনোভাবেই কেউ প্রবেশ করতে না পারেন।
বিএমসির আইনজীবী অনিল সাখরে আদালতে জানান, মুসাফিরখানার অবস্থা অত্যন্ত বিপজ্জনক এবং এর প্রায় অর্ধেক অংশ ইতিমধ্যেই ভেঙে ফেলা হয়েছে। তিনি উল্লেখ করেন, ভবনটির অংশ ভেঙে পড়ার তিনটি ঘটনা ঘটেছে, যা আগে গোপন করা হয়েছিল। বিএমসি ভবনটিকে বিপজ্জনক ঘোষণা করে ভাঙার কাজ শুরু করলেও, সেই পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে আবেদন করা হয়েছিল। ১৯ নভেম্বর আদালত ভাঙার কাজে স্থগিতাদেশ দিয়ে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছিল।
শুনানির সময় আবেদনকারীর আইনজীবী দাবি করেন, ভবনে কাউকে থাকার অনুমতি না দেওয়া হলেও সেখানে থাকা প্রার্থনাস্থলে পাঁচ ওয়াক্ত নমাজ পড়ার অনুমতি দেওয়া হোক। তবে আদালত এই দাবি খারিজ করে দেয়। বেঞ্চ স্পষ্ট জানায়, এটি কোনো মসজিদ নয় এবং আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করা উচিত নয়। এক সময় হজযাত্রীদের থাকার জন্য তৈরি এই ভবনটি আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম ও তার পরিবারের আস্তানা হিসেবে পরিচিত ছিল। মামলার পরবর্তী শুনানি আগামী ৩০ নভেম্বর নির্ধারিত রয়েছে।