রাহুল গাঁধীর বিরুদ্ধে ইডি-সিবিআই তদন্তের নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টের

কংগ্রেস নেতা রাহুল গাঁধীর বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগে সিবিআই ও ইডি তদন্তের যে নির্দেশ এলাহাবাদ হাই কোর্ট দিয়েছিল, তা বুধবার বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ হাই কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশগুলি খারিজ করেছে। শীর্ষ আদালত জানিয়েছে, রাহুলকে এই মামলার পক্ষ হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে এবং মামলাটি নতুন করে হাই কোর্টে শুনানি করতে হবে।
রাহুলের আইনজীবীর অভিযোগ ছিল, তাঁকে মামলার পক্ষ হিসেবে গণ্য না করেই এবং তাঁর বক্তব্য না শুনেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল, যা আইনের মৌলিক নীতির পরিপন্থী। তিনি দাবি করেন, কোনো নির্দিষ্ট প্রমাণ ছাড়াই হাই কোর্ট উদ্দেশ্যহীন তদন্তের নির্দেশ দিয়েছিল। এছাড়া বিচারকের খাসকামরায় শুনানি এবং নথিপত্র খামবন্দি রাখার বিষয়টি নিয়েও প্রশ্ন তোলা হয়।
মামলার অভিযোগকারী বিঘ্নেশ শিশির যুক্তি দিয়েছিলেন যে, এফআইআর দায়েরের আগের পর্যায়ে অভিযুক্তের বক্তব্য জানানোর অধিকার নেই। এর জবাবে বিচারপতি জয়মাল্য বাগচী উল্লেখ করেন, নতুন ফৌজদারি আইন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা অনুযায়ী অভিযুক্তের বক্তব্য জানানোর পরিসর বৃদ্ধি পেয়েছে। আদালত স্পষ্ট করেছে, এই রায়ের উদ্দেশ্য মামলার গুণাগুণ বিচার করা নয়, বরং শুনানির মৌলিক অধিকার নিশ্চিত করা।