কাশ্মীর উপত্যকায় সক্রিয় ৬৫ বিদেশি জঙ্গি, দমনে ৮০টি অস্থায়ী ঘাঁটি তৈরি করল সেনা

কাশ্মীর উপত্যকায় বর্তমানে ৬৫ জন বিদেশি জঙ্গি সক্রিয় রয়েছে বলে গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে। এদের মধ্যে ১০ জন বিভিন্ন ছোট জঙ্গি সংগঠনের সদস্য। পাকিস্তান থেকে অনুপ্রবেশ করে উপত্যকায় নতুন করে নাশকতার ছক কষছে এই জঙ্গিরা। তাদের সাহায্যকারী স্থানীয় সহযোগীদের গতিবিধির ওপরও কড়া নজর রাখছে নিরাপত্তা সংস্থাগুলি।
দুর্গম পাহাড়ি এলাকা ও ঘন জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের মোকাবিলায় জম্মু ও কাশ্মীরের বিভিন্ন প্রান্তে ৮০টিরও বেশি অস্থায়ী অপারেটিং বেস তৈরি করেছে নিরাপত্তাবাহিনী। এর মধ্যে বেশ কিছু ঘাঁটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ হাজার ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত। ভারতীয় সেনা, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী এই ঘাঁটিগুলিতে মোতায়েন থেকে নজরদারি চালাচ্ছে।
গোয়েন্দাদের ধারণা, জঙ্গিরা বর্তমানে ঘন জঙ্গল, পাহাড়ি গুহা এবং মেষপালকদের ব্যবহৃত অস্থায়ী কুঁড়েঘরে আত্মগোপন করে রয়েছে। প্রথাগত যোগাযোগ মাধ্যম ব্যবহার না করায় তাদের অবস্থান শনাক্ত করা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। তবে স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুর্গম এলাকাগুলিতে চিরুনি তল্লাশি চালাচ্ছে বাহিনী।
উল্লেখ্য, কুলগামে লস্কর কমান্ডার লতিফ ভাটের মৃত্যুর পর উপত্যকাকে স্থানীয় জঙ্গিমুক্ত বলে ঘোষণা করেছে নিরাপত্তা সংস্থাগুলি। গত দু’বছরে স্থানীয় যুবকদের জঙ্গি সংগঠনে নিয়োগ বন্ধ হওয়ায় সন্ত্রাসবাদী নেটওয়ার্ক বড় ধাক্কা খেয়েছে। এবার বিদেশি জঙ্গিদের পুরোপুরি নির্মূল করতে মরিয়া হয়ে উঠেছে নিরাপত্তাবাহিনী।