সার্বিয়ার হাই স্কুলে বন্দুকবাজের হামলা, আহত দুই

সার্বিয়ার একটি হাই স্কুলের করিডোরে রাইফেল নিয়ে গুলি চালানোর ঘটনায় এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় দুইজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে একজনের আঘাত সম্ভবত আগ্নেয়াস্ত্রের কারণে লেগেছে এবং অন্যজন ভাঙা কাঁচের আঘাতে জখম হয়েছেন। আহত উভয়কেই চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এই বিষয়ে পুলিশ আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
স্কুলের প্রিন্সিপাল নেমাঞ্জা জোকসিমোভিচ স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অভিযুক্ত ১৭ বছর বয়সী কিশোর ওই স্কুলেরই ছাত্র। ঘটনার সময় প্রথম ক্লাসের ক্লাস চলছিল, যার ফলে অধিকাংশ শিক্ষার্থী শ্রেণিকক্ষের ভেতরেই ছিল। প্রিন্সিপালের মতে, শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে থাকায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে।
উল্লেখ্য, সার্বিয়ায় স্কুলে গুলি চালানোর ঘটনা সচরাচর ঘটে না। তবে ২০২৩ সালে বেলগ্রেডের একটি প্রাথমিক বিদ্যালয়ে এক ১৩ বছর বয়সী কিশোরের গুলিবর্ষণের ঘটনায় নয়জন শিশু ও একজন স্কুল প্রহরী নিহত হয়েছিলেন। সেই ঘটনায় আরও ছয়জন আহত হয়েছিলেন। বর্তমান ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে।