অনলাইন প্রতারণা রুখতে কড়া পদক্ষেপ আরবিআইয়ের, ডিজিটাল লেনদেনে আসছে সাতটি নতুন নিরাপত্তা বিধি

অনলাইন আর্থিক প্রতারণা রুখতে ডিজিটাল লেনদেনের নিরাপত্তা আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কেন্দ্রীয় ব্যাঙ্কের প্রস্তাবিত খসড়া নির্দেশিকা অনুযায়ী, গ্রাহকদের অ্যাকাউন্টের ওপর নিয়ন্ত্রণ বাড়াতে সাতটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা বলা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো ‘স্টপ সুইচ’ ব্যবস্থা, যার মাধ্যমে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার আশঙ্কা থাকলে গ্রাহক তাৎক্ষণিকভাবে নতুন ডেবিট লেনদেন বা পেমেন্ট নির্দেশ বন্ধ করতে পারবেন। তবে অ্যাকাউন্টে টাকা জমা পড়ার প্রক্রিয়া স্বাভাবিক থাকবে।
প্রস্তাবিত ‘ট্রাস্টেড পার্সন মেকানিজম’ অনুযায়ী, গ্রাহক একজন বিশ্বস্ত প্রতিনিধি মনোনীত করতে পারবেন। নির্দিষ্ট সীমার বেশি টাকা পাঠানোর ক্ষেত্রে ওই প্রতিনিধির অনুমোদনের প্রয়োজন হবে। এছাড়া গ্রাহক নিজের পছন্দমতো ডিজিটাল লেনদেনের সীমা নির্ধারণ, নির্দিষ্ট সময়ে পেমেন্ট পরিষেবা বন্ধ রাখা এবং কার্ড ব্যবহারের ক্ষেত্রেও বাড়তি নিয়ন্ত্রণ রাখতে পারবেন। নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে গ্রাহকের সম্মতি ছাড়া ডিজিটাল পরিষেবা সক্রিয় হবে না এবং প্রথম ২৪ ঘণ্টা লেনদেনের ওপর বিশেষ সীমা থাকবে।
ব্যাঙ্কগুলির দায়বদ্ধতা নিশ্চিত করতেও নতুন নিয়ম আনা হচ্ছে। বাধ্যতামূলক নিরাপত্তা ব্যবস্থা কার্যকর না করা বা প্রতারণার অভিযোগ পাওয়ার পর পদক্ষেপ নিতে দেরি করলে ব্যাঙ্কগুলিকে জবাবদিহি করতে হবে। এই প্রস্তাবিত খসড়া নির্দেশিকার ওপর ১৪ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত মতামত নেওয়া হবে। পরিকল্পনা অনুযায়ী, অধিকাংশ নিরাপত্তা ব্যবস্থা ১ জুলাই ২০২৭ থেকে কার্যকর হতে পারে, তবে ব্যাঙ্কের অবহেলা সংক্রান্ত কিছু পরিবর্তন ১ জানুয়ারি ২০২৭ থেকে কার্যকর করার প্রস্তাব রয়েছে।