চ্যালেঞ্জ নেওয়াই আমার স্বভাব, খড়্গপুর আইআইটির অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী মোদী

আইআইটি খড়্গপুরের প্ল্যাটিনাম জুবিলি উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ক্রমবর্ধমান অগ্রগতির কথা তুলে ধরেন। তিনি বলেন, সীমাবদ্ধতা মেনে নেওয়ার মানসিকতা থেকে বেরিয়ে এসে ভারত এখন নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, চ্যালেঞ্জ গ্রহণ করাই তাঁর স্বভাব। সেমিকন্ডাক্টর মিশনের উদাহরণ টেনে তিনি জানান, শুরুতে অনেকে এই উদ্যোগ নিয়ে সংশয় প্রকাশ করলেও, বর্তমানে দেশে বেশ কয়েকটি সেমিকন্ডাক্টর কারখানা তৈরি হয়েছে এবং ভারত চিপ রফতানিও শুরু করেছে। এই প্রকল্পগুলিতে আইআইটি খড়্গপুরের প্রাক্তনীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তিনি উল্লেখ করেন।
দেশের দারিদ্র দূরীকরণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অতীতে দারিদ্র দূরীকরণের স্লোগান কেবল ফাইলবন্দি হয়ে থাকত। তিনি জানান, তাঁর সরকার ক্ষমতায় আসার পর শৌচালয় নির্মাণের মতো জনকল্যাণমূলক প্রকল্প গ্রহণ করে, যা নিয়ে সংসদে উপহাস করা হয়েছিল। বিশ্ব ব্যাঙ্কের সাম্প্রতিক রিপোর্টের উল্লেখ করে তিনি দাবি করেন, গত ১২-১৩ বছরে ভারতের প্রায় ৫০ কোটি মানুষ দারিদ্রসীমা থেকে উঠে এসেছেন। এটি দেশের মানসিকতা পরিবর্তনেরই প্রতিফলন বলে তিনি মন্তব্য করেন।
আইআইটি খড়্গপুরের অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে দেশের শিল্প পরিকাঠামো, মহাকাশ গবেষণা, পরমাণু শক্তি এবং তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে এই প্রতিষ্ঠানের প্রাক্তনীদের অবদান অনস্বীকার্য। তিনি আরও বলেন, স্বরাজের স্বপ্ন থেকে স্বনির্ভরতার সংকল্প—এই যাত্রাই উন্নত ভারত গড়ার মূল চালিকাশক্তি। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে ভারতের সাম্প্রতিক সাফল্য এবং উদ্ভাবনী শক্তির প্রসারের ওপরও তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।