সিন্ধু প্রদেশ বিভাজনের চেষ্টা করলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি বিলাওয়াল ভুট্টোর

সিন্ধু প্রদেশকে বিভক্ত করার প্রস্তাব এবং নতুন প্রদেশ গঠনের বিতর্ক নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কড়া অবস্থান নিলেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান বিলাওয়াল ভুট্টো। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ঐকমত্য ছাড়া সিন্ধুর সীমানা পুনর্নির্ধারণের যেকোনো একতরফা প্রচেষ্টা দেশে ব্যাপক অস্থিরতা সৃষ্টি করতে পারে। বিলাওয়ালের মতে, এই ধরনের পদক্ষেপের পরিণাম সামাল দেওয়া কয়েক দশক ধরে কঠিন হয়ে পড়বে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তিনি একে কোনো হুমকি নয়, বরং একটি সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছেন।
কেন্দ্রীয় সরকারের কয়েকজন মন্ত্রী, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির তীব্র সমালোচনা করেছেন বিলাওয়াল। তিনি প্রস্তাবিত গণভোটকে ‘ভুয়ো’ বলে প্রত্যাখ্যান করে অভিযোগ করেছেন যে, সরকার জনগণকে বোকা বানানোর চেষ্টা করছে। পিপিপি চেয়ারম্যানের দাবি, পাকিস্তানের সংবিধানে নতুন প্রদেশ গঠনের সুনির্দিষ্ট পদ্ধতি রয়েছে এবং যেকোনো পরিবর্তন অবশ্যই সাংবিধানিক প্রক্রিয়া ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে হতে হবে। তিনি পাঞ্জাব অ্যাসেম্বলির মাধ্যমে বিষয়টি সমাধানের পরিবর্তে সরকারি অর্থ ব্যয় করে এমন প্রক্রিয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন।
মহসিন নাকভির রাজনৈতিক বক্তব্যের কর্তৃত্ব নিয়ে প্রশ্ন তুলে বিলাওয়াল বলেন, দেশের বিদ্যমান ব্যবস্থা ভেঙে পড়েছে বলে ঘোষণা দেওয়ার অধিকার বা ক্ষমতা তাঁর নেই। ক্ষমতাসীন জোটের অংশীদার হয়েও সরকারের বিভিন্ন সিদ্ধান্তের কারণে পিপিপি যে রাজনৈতিক অস্বস্তিতে রয়েছে, তা বিলাওয়ালের মন্তব্যে স্পষ্ট। তিনি সতর্ক করে বলেছেন, সরকার যদি জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দেয়, তবে উদ্ভূত আগুন নেভাতে হয়তো আরও ৩০ বছর সময় লেগে যেতে পারে। পাকিস্তানের অসামরিক-সামরিক ক্ষমতার কাঠামোর প্রেক্ষাপটে বিলাওয়ালের এই মন্তব্য দেশটির রাজনৈতিক মহলে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।