দিল্লি মেট্রো স্টেশনে ঢুকে পড়ল গরু, ভাইরাল ছবি ঘিরে চাঞ্চল্য

দিল্লির কর্করডুমা মেট্রো স্টেশনের ভেতরে একটি গরুর উপস্থিতির ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রতীক সাইনি নামের এক এক্স ব্যবহারকারী স্টেশনের সিঁড়ির পাশে দাঁড়িয়ে থাকা গরুটির ছবি পোস্ট করলে বিষয়টি প্রকাশ্যে আসে। ছবিতে দেখা যায়, স্টেশনের ভেতরে গরুটিকে দেখে যাত্রীরা অবাক হয়ে তাকিয়ে রয়েছেন। এই ঘটনাটি নিয়ে নেটদুনিয়ায় ব্যাপক শোরগোল পড়ে যায়।
ঘটনার কথা জানাজানি হতেই দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি) দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে। যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ জানিয়েছে, স্টেশন চত্বর থেকে পথপশুদের সরিয়ে দেওয়ার জন্য কর্মীদের পুনরায় নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা করা হচ্ছে বলে জানানো হয়েছে। ভবিষ্যতে এ ধরনের সমস্যা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
অন্যদিকে, ছট পুজো শেষে রাজধানীতে ফেরা যাত্রীদের সুবিধার্থে ১৮ থেকে ২২ নভেম্বর পর্যন্ত বিশেষ পরিষেবা চালু করেছে ডিএমআরসি। এই পাঁচ দিন আনন্দ বিহার এবং নিউ দিল্লি মেট্রো স্টেশন থেকে ভোর ৫টা ১৫ মিনিট থেকেই মেট্রো পরিষেবা পাওয়া যাচ্ছে। উৎসবের মরশুম শেষে কর্মস্থলে ফেরা মানুষেরা যাতে যানজট এড়িয়ে নিরাপদে যাতায়াত করতে পারেন, সেজন্যই রাজীব চক ও কাশ্মীরি গেটের মতো বড় ইন্টারচেঞ্জ স্টেশনগুলোতে অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।