আয়রন ম্যানের পর কেন ডক্টর ডুম হতে রাজি হলেন রবার্ট ডাউনি জুনিয়র?

‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ছবিতে টনি স্টার্কের আত্মত্যাগের মাধ্যমে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে আয়রন ম্যানের অধ্যায় শেষ হয়েছিল। সেই বিদায়কে অনেকেই একটি যুগের সমাপ্তি হিসেবে দেখেছিলেন। তবে সবাইকে চমকে দিয়ে রবার্ট ডাউনি জুনিয়র ফের মার্ভেলে ফিরছেন, এবার ভিক্টর ভন ডুম ওরফে ডক্টর ডুমের চরিত্রে। আসন্ন ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ছবিতে তাঁকে এই নতুন অবতারে দেখা যাবে।
মার্ভেলের সঙ্গে নিজের প্রত্যাবর্তন নিয়ে অভিনেতা জানিয়েছেন, এন্ডগেমের পর তিনি মানসিকভাবে বিদায়ের জন্য প্রস্তুত ছিলেন। কেভিন ফেইজ যখন তাঁকে পুনরায় ফেরার প্রস্তাব দেন, তখন তিনি কিছুটা অবাকই হয়েছিলেন। তবে নতুন চরিত্রের চ্যালেঞ্জ এবং ভিক্টর ভন ডুমের মতো একজন দক্ষ কৌশলী খলনায়কের চরিত্র তাঁকে আকৃষ্ট করেছে। অভিনেতার মতে, এই চরিত্রটি সুপারহিরোদের সামনে বহুমাত্রিক বিপদের ইঙ্গিত দেয়।
আগামী ১৭ ডিসেম্বর ভারতে মুক্তি পেতে চলেছে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এই ছবিতে রবার্ট ডাউনি জুনিয়রের পাশাপাশি ক্রিস ইভান্স, সেবাস্টিয়ান স্ট্যান, ফ্লোরেন্স পিউ, পেড্রো পাসকাল, ভেনেসা কিরবি, ইয়ান ম্যাকেলেন, ক্রিস হেমসওয়ার্থ এবং অ্যান্থনি ম্যাকিকে দেখা যাবে। এক্স-মেন, ফ্যান্টাস্টিক ফোর এবং মার্ভেলের অন্যান্য সুপারহিরোদের একজোট হয়ে এক ভয়াবহ বিপদের মোকাবিলা করতে দেখা যাবে এই নতুন অধ্যায়ে।