ভারতীয় তরুণ ক্রিকেটারদের নিয়ে হরভজন সিংয়ের কাছে বিশেষ আর্জি পাক সমর্থকের

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিংয়ের একটি ভিডিও। সেখানে পাকিস্তানের এক সমর্থক হরভজনের কাছে ভারতীয় তরুণ ক্রিকেটারদের জন্য একটি বিশেষ বার্তা দেওয়ার অনুরোধ জানিয়েছেন। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ এবং এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের তরুণ ক্রিকেটারদের মধ্যে মাঠের ভেতরে একাধিকবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেই বিবাদ নিয়েই উদ্বেগ প্রকাশ করেছেন ওই সমর্থক।
ওই সমর্থক হরভজনকে মনে করিয়ে দেন যে, প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার সম্পর্ক রয়েছে। তিনি বলেন, অতীতে যখন ভারতীয় দল পাকিস্তানে যেত, তখন তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হতো। প্রাক্তনদের মধ্যে এই সৌহার্দ্য থাকলেও নতুন প্রজন্মের ক্রিকেটারদের আচরণে তিনি হতাশ। তাই তরুণদের মাঠের ভেতরে মারামারি বা বিবাদে না জড়ানোর পরামর্শ দেওয়ার জন্য তিনি হরভজনের কাছে আর্জি জানান।
সমর্থকের কথার জবাবে হরভজন সিং জানান, তিনি বরাবরই তরুণ ক্রিকেটারদের সংযত এবং বিনয়ী থাকার পরামর্শ দিয়ে থাকেন। তিনি বলেন, আমরাও ওদের সবসময় মাটির কাছাকাছি থাকার কথা বলি। উল্লেখ্য, গত বছর জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে ভারতীয় দল পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে সৌজন্য বিনিময় না করার সিদ্ধান্ত নিয়েছিল। এরপর থেকেই দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের টানাপোড়েন অব্যাহত রয়েছে এবং বিভিন্ন টুর্নামেন্টে তার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে।