এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জয়: ভারতীয় মহিলা হকি দলের জন্য বড় পুরস্কার ঘোষণা মধ্যপ্রদেশ সরকারের

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জয়: ভারতীয় মহিলা হকি দলের জন্য বড় পুরস্কার ঘোষণা মধ্যপ্রদেশ সরকারের

ভোপালের নাথু বরখেড়া স্টেডিয়ামে আয়োজিত এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চিনকে ৩-১ গোলে হারিয়ে সোনা জয় করল ভারতীয় মহিলা হকি দল। ম্যাচে শুরুতে পিছিয়ে পড়লেও দুর্দান্ত প্রত্যাবর্তনের মাধ্যমে সলিমা টেটে-রা এশিয়ার মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। এই জয়ের পর ভারতীয় দলের হাতে ট্রফি তুলে দেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব।

এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ গোটা দলের জন্য ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি দলের প্রত্যেক খেলোয়াড়কে ৫ লক্ষ টাকা এবং সাপোর্ট স্টাফদের আড়াই লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার দেওয়ার কথা জানানো হয়েছে। খেলোয়াড়দের পারফরম্যান্সের প্রশংসা করে মুখ্যমন্ত্রী জানান, এই জয় ভারতীয় হকির গৌরবময় অতীতের স্মৃতি ফিরিয়ে এনেছে এবং ভবিষ্যতে আরও বড় সাফল্যের জন্য তাদের অনুপ্রাণিত করবে।

পুরস্কার ঘোষণার পাশাপাশি আন্তর্জাতিক হকি ফেডারেশনের সভাপতি তৈয়ব ইকরামের কাছে মধ্যপ্রদেশে হকি বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে আয়োজিত হতে যাওয়া বিশ্বকাপের আয়োজক হতে আগ্রহী রাজ্য সরকার। রাজ্যের পরিকাঠামো ও সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে বিশ্বমানের প্রতিযোগিতা আয়োজনে মধ্যপ্রদেশ প্রস্তুত বলে তিনি আশ্বস্ত করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *