নিউজিল্যান্ড সিরিজের দলে না থাকলেও ভারত সফরে নাথান লিয়নকে ভাবছে অস্ট্রেলিয়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের জন্য অস্ট্রেলিয়ার দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ স্পিনার নাথান লিয়ন। ২০১১ সালে অভিষেকের পর এই প্রথমবার তিনি টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়লেন। লিয়নের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন ২৯ বছর বয়সী কোরি রকিচিওলি। নির্বাচক প্রধান জর্জ বেইলি জানিয়েছেন, এই সিদ্ধান্তটি লিয়নের জন্য বেশ কঠিন ছিল এবং তিনি বর্তমানে কিছুটা সময় বিরতি নিচ্ছেন।
তবে লিয়নের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে যায়নি বলেই মনে করছেন নির্বাচকরা। জর্জ বেইলির মতে, আগামী বছর ভারত সফরের বর্ডার-গাভাস্কার ট্রফিতে লিয়নের অভিজ্ঞতা এবং দক্ষতা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। ভারতে ১১টি টেস্ট খেলে ২৭.৩৫ গড়ে ৫৬ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে তার। তাই আসন্ন পাঁচ টেস্টের ভারত সফরে তাকে দলে পাওয়ার বিষয়ে আশাবাদী অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট।
গত কিছু সময় ধরে লিয়নের পারফরম্যান্স এবং একাদশে তার জায়গা নিয়ে আলোচনা চলছিল। বিশেষ করে পেস সহায়ক উইকেটে টিম ম্যানেজমেন্ট অনেক সময় অতিরিক্ত পেসার খেলানোর সিদ্ধান্ত নিয়েছে। হ্যামস্ট্রিং ইনজুরি থেকে ফেরার পর লিয়ন সাম্প্রতিক ম্যাচগুলোতে প্রত্যাশিত প্রভাব ফেলতে পারেননি। তবে নির্বাচকদের মতে, ভারতের মতো চ্যালেঞ্জিং কন্ডিশনে তার অভিজ্ঞতা অস্ট্রেলিয়া দলের জন্য বড় সম্পদ হিসেবে বিবেচিত হবে।