নিউজিল্যান্ডের মাটিতে পাঁচ উইকেট নিয়ে এলিট তালিকায় আকাশ দীপ

নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিলেন ভারতীয় পেসার আকাশ দীপ। কিউয়িদের বিরুদ্ধে ম্যাচে ৩১.৩ ওভার বল করে ৯৯ রানের বিনিময়ে তিনি ৫টি উইকেট তুলে নিয়েছেন। তাঁর শিকারের তালিকায় রয়েছেন টম ল্যাথাম, রাচিন রবীন্দ্র, নাথান স্মিথ, কাইল জেমিসন এবং ম্যাট হেনরি। এই সাফল্যের মাধ্যমে তিনি ভারতীয় বোলারদের এক বিশেষ এলিট তালিকায় নিজের নাম লিখিয়েছেন।
নিউজিল্যান্ডের মাটিতে টেস্টে সবচেয়ে বেশিবার পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে জহির খানের দখলে। তাঁর পরেই রয়েছেন ইশান্ত শর্মা। এই তালিকায় মদন লাল ও জাভাগাল শ্রীনাথের মতো কিংবদন্তি বোলারদের পাশে এখন জায়গা করে নিলেন আকাশ দীপ। চোট সারিয়ে চলতি বছর টেস্টে ফেরা আকাশ দীপ বর্তমানে এই সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি। ২৪.৮৭ গড়ে তাঁর ঝুলিতে এখন মোট ৮টি উইকেট রয়েছে।
ম্যাচের শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। নিউজিল্যান্ডের প্রথম ইনিংস ৩৫৬ রানে শেষ হয়। কিউয়ি অধিনায়ক টম ল্যাথাম ৫৯ রান করেন এবং টম ব্লান্ডেল ৮৯ রানের একটি লড়াকু ইনিংস খেলেন। ভারতের হয়ে গুরনুর ব্রার ও অংশুল কম্বোজ দুটি করে এবং ওয়াশিংটন সুন্দর একটি উইকেট পেয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় সেশন শেষে ভারত ৩ উইকেট হারিয়ে ৫৯ রান তুলেছে। যশস্বী জয়সওয়াল, দেবদত্ত পাড়িক্কল এবং শুভমান গিল প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। কিউয়ি বোলারদের মধ্যে কাইল জেমিসন দুটি ও ম্যাট হেনরি একটি উইকেট নিয়েছেন।