স্যান্ডপেপারগেট কাণ্ডের কয়েক মাস পরেই ফের বল বিকৃতির ছক অস্ট্রেলিয়া দলে!

২০১৮ সালের কুখ্যাত স্যান্ডপেপারগেট বিতর্কের কয়েক মাস পরেই অস্ট্রেলিয়া ক্রিকেট দলে ফের বল বিকৃতির চেষ্টার অভিযোগ উঠল। একটি সংবাদমাধ্যমের তদন্তে দাবি করা হয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে দুবাই টেস্ট চলাকালীন বলের অবস্থা পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছিল। প্রথম ইনিংসে বল থেকে প্রত্যাশিত মুভমেন্ট না পাওয়ায় ড্রেসিংরুমে মিন্ট ব্যবহার করে বলের আকার পরিবর্তনের প্রস্তাব ওঠে। একজন ক্রিকেটার জানতে চেয়েছিলেন, কারও কাছে মিন্ট আছে কি না এবং বলের দায়িত্বে কে রয়েছেন।
তদন্তে আরও উঠে এসেছে যে, এক বদলি ফিল্ডারকে ড্রেসিংরুম থেকে মিন্ট নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে তৎকালীন অধিনায়ক টিম পেইন বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তাকে মাঠে কিছু না আনার নির্দেশ দেন। এরপর কোচ জাস্টিন লাঙ্গার ড্রেসিংরুমে ক্রিকেটারদের কড়া ভাষায় সতর্ক করেন এবং দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেন।
এই তদন্তে কেপটাউন কাণ্ডের পরবর্তী সময়ের দলের অভ্যন্তরীণ পরিস্থিতির কথাও উঠে এসেছে। দাবি করা হয়েছে, অলরাউন্ডার মিচেল মার্শ সরাসরি ডেভিড ওয়ার্নারের মুখোমুখি হয়ে ঘটনার দায় স্বীকার করার কথা বলেছিলেন। যদিও এই নতুন অভিযোগগুলো পুরো দলের জড়িত থাকার প্রমাণ দেয় না, তবে অস্ট্রেলিয়ান ক্রিকেটের তৎকালীন সংস্কৃতি এবং কেপটাউন কাণ্ডের তদন্তে সব তথ্য প্রকাশ্যে এসেছিল কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।