কলম্বাসের কাছে হার ইন্টার মায়ামির, বিতর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখলেন মেসি

কলম্বাস ক্রুর কাছে ৩-০ ব্যবধানে হেরে প্লে-অফ সিরিজের প্রথম ম্যাচে বড় ধাক্কা খেল ইন্টার মায়ামি। প্রথমার্ধে তাপিয়ার গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে তাহা হাবরুনে ব্যবধান বাড়ান। এরপর তাপিয়া নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন। এই হারের ফলে তিন ম্যাচের সিরিজে পিছিয়ে পড়ল মায়ামি। আগামী শুক্রবার ওহাইওতে সিরিজের দ্বিতীয় ম্যাচে জিততেই হবে মেসিদের, অন্যথায় প্লে-অফ থেকে বিদায় নিতে হবে তাদের।
ম্যাচের প্রথমার্ধে এক বিতর্কিত ঘটনার সাক্ষী থাকল ফুটবল বিশ্ব। থ্রো-ইন নেওয়ার সময় প্রতিপক্ষ খেলোয়াড় গনজালো তাপিয়া বাধা দিলে মেজাজ হারান লিওনেল মেসি। তিনি সরাসরি বল ছুড়ে মারেন তাপিয়ার মুখে। বলের আঘাতে তাপিয়া মাটিতে লুটিয়ে পড়লেও রেফারি অ্যালেন চ্যাপম্যান মেসি ও তাপিয়া উভয়কেই হলুদ কার্ড দেখান। মাঠের এই আচরণ নিয়ে ম্যাচ শেষে তীব্র সমালোচনা করেছেন অনেকে।
ম্যাচের দ্বিতীয়ার্ধে ইন্টার মায়ামির রাইটব্যাক গনজালো লুহান দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে দল ১০ জনের হয়ে যায়। এরপরই মায়ামির রক্ষণভাগ ভেঙে পড়ে। হারের পর মায়ামি কোচ কিলি গঞ্জালেস দলের পারফরম্যান্সে গভীর হতাশা প্রকাশ করেছেন। তিনি জানান, দল প্রত্যাশিত পারফরম্যান্স করতে ব্যর্থ হয়েছে এবং প্রতিপক্ষকে গোল করার সুযোগ করে দিয়েছে। তবে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর বিষয়ে তিনি আশাবাদী।