টাইম ম্যাগাজিনের ‘নেক্সট ইন্ডিয়া’ তালিকায় স্থান পেলেন ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী

টাইম ম্যাগাজিনের ‘নেক্সট ইন্ডিয়া’ তালিকায় স্থান পেলেন ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী

মাত্র ১৫ বছর বয়সেই টাইম ম্যাগাজিনের ‘TIME100 নেক্সট ইন্ডিয়া ২০২৬’ তালিকায় জায়গা করে নিলেন উদীয়মান ক্রিকেটার বৈভব সূর্যবংশী। গত আইপিএল মরশুমে ৭৭৬ রান সংগ্রহ করে কনিষ্ঠতম কমলা টুপির মালিক হওয়ার পাশাপাশি তিনি টুর্নামেন্টের সেরা প্রতিশ্রুতিমান ক্রিকেটার ও মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারসহ মোট পাঁচটি পুরস্কার জিতেছিলেন। সম্প্রতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বিহারের অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে কনিষ্ঠতম অধিনায়কের বিশ্বরেকর্ডও গড়েছেন এই বাঁ-হাতি ব্যাটার।

টাইম ম্যাগাজিনের এই বিশেষ তালিকায় বৈভব ছাড়াও স্থান পেয়েছেন হরমনপ্রীত কৌর, লভলিনা বরগোহাইন, মীরাবাঈ চানু, ডি গুকেশ, সানিয়া মির্জা এবং সবিতা পুনিয়ার মতো দেশের বিশিষ্ট ক্রীড়াবিদরা। ক্রীড়াক্ষেত্রের পাশাপাশি বিনোদন, ব্যবসা ও বিজ্ঞানের মতো বিভিন্ন ক্ষেত্র থেকে দেশের ভবিষ্যতের কারিগরদের এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে বিশ্বব্যাপী ‘TIME100 নেক্সট’ তালিকায় একমাত্র ভারতীয় ক্রীড়াবিদ হিসেবেও জায়গা করে নিয়েছিলেন বিহারের এই কিশোর।

বৈভবের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। টাইম ম্যাগাজিনের জন্য লেখা এক বিশেষ পরিচিতিতে তিনি বৈভবকে ‘বদলে যাওয়া ভারতের প্রতীক’ হিসেবে অভিহিত করেছেন। আয়ুষ্মানের মতে, ১৪ বছর বয়সে আইপিএলের কনিষ্ঠতম ক্রিকেটার থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বৈভবের এই অভাবনীয় যাত্রাপথ প্রমাণ করে যে প্রতিভা যেকোনো জায়গা থেকেই উঠে আসতে পারে। বর্তমানে বৈভব রাইজিং স্টার্স এশিয়া কাপে ভারতের প্রতিনিধিত্ব করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *