শীতের দুপুরে পাতে থাকুক অনুষ্ঠান বাড়ির স্বাদের আলু-ফুলকপির ডালনা

শীতের মরসুমে বাজারে এখন টাটকা ফুলকপির সমাহার। রোজকার একঘেয়ে ফুলকপির ঝোল বা ভাজা খেতে ভালো না লাগলে, বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন অনুষ্ঠান বাড়ির স্বাদের আলু-ফুলকপির ডালনা। এই রান্নায় রাজকীয় স্বাদ আনতে প্রয়োজন মাত্র দুটি বিশেষ উপকরণ—পোস্ত এবং কাজুবাদাম। এই দুটি উপাদানের সঠিক ব্যবহারই সাধারণ সবজিকে সুস্বাদু করে তোলে।
রান্নার জন্য প্রয়োজন দুটি ফুলকপি, মাঝারি মাপের আলু, এক বাটি সেদ্ধ কড়াইশুঁটি, ৩০ গ্রাম পোস্ত এবং ১০-১৫টি কাজুবাদাম। মশলার জন্য লাগবে আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, নুন, হলুদ, ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। প্রথমে ফুলকপি নুন জলে ভিজিয়ে পরিষ্কার করে নিন। এরপর আদা, কাঁচা লঙ্কা ও জিরে একসঙ্গে বেটে নিন। পোস্ত ও কাজুবাদাম আলাদা করে মিহি করে বেটে রাখা প্রয়োজন।
কড়াইতে তেল গরম করে আলু ও ফুলকপি হালকা লালচে করে ভেজে তুলে রাখুন। ওই তেলেই পেঁয়াজ বাটা ও আদা-লঙ্কা-জিরে বাটা দিয়ে মশলা কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়লে তাতে টমেটো বাটা, নুন, হলুদ, ধনে ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিন। এরপর কাজু ও পোস্ত বাটা দিয়ে ভালো করে নেড়ে পরিমাণমতো জল দিন। ঝোল ফুটতে শুরু করলে সেদ্ধ কড়াইশুঁটি এবং ভেজে রাখা আলু-ফুলকপি দিয়ে দিন। সবজি সেদ্ধ হয়ে ঝোল ঘন হয়ে এলে নামিয়ে নিলেই তৈরি জিভে জল আনা আলু-ফুলকপির ডালনা।