বাজারের জেল নয়, বাড়িতেই তৈরি করুন প্রাকৃতিক অ্যালোভেরা জেল

ত্বকের যত্নে অ্যালোভেরা জেল অত্যন্ত কার্যকর। এটি ত্বককে নরম ও সতেজ রাখার পাশাপাশি প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের অ্যালোভেরা জেল পাওয়া গেলেও সেগুলিতে অনেক সময় কৃত্রিম রঙ, সুগন্ধি ও প্রিজারভেটিভ মেশানো থাকে, যা ত্বকের ক্ষতির কারণ হতে পারে। তাই বাড়িতে থাকা অ্যালোভেরা গাছ থেকে খুব সহজেই বিশুদ্ধ জেল তৈরি করে নেওয়া সম্ভব।
প্রাকৃতিক জেল তৈরির জন্য প্রয়োজন এক থেকে দুটি বড় ও তাজা অ্যালোভেরা পাতা, ভিটামিন ই ক্যাপসুল অথবা লেবুর রস কিংবা গোলাপ জল। প্রথমে পাতা কেটে ২০-৩০ মিনিট সোজা করে দাঁড় করিয়ে রাখুন যাতে হলুদ রঙের ল্যাটেক্স বা আঠালো রস বেরিয়ে যায়। এরপর পাতা ধুয়ে দুপাশের কাঁটা ও উপরের সবুজ খোসা ছাড়িয়ে ভেতরের স্বচ্ছ জেল চামচ দিয়ে বের করে নিন। ব্লেন্ডারে এই জেল নিয়ে মসৃণ পেস্ট তৈরি করে তাতে ভিটামিন ই ক্যাপসুলের তেল মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খাঁটি অ্যালোভেরা জেল।
প্রস্তুত করা জেল একটি পরিষ্কার ও শুকনো বায়ুরোধী কাচের পাত্রে ভরে ফ্রিজে সংরক্ষণ করতে হবে। যেহেতু এতে কোনো কৃত্রিম প্রিজারভেটিভ নেই, তাই সাত থেকে দশ দিনের মধ্যেই এটি ব্যবহার করে ফেলা ভালো। তবে সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে ব্যবহারের আগে অবশ্যই ত্বকের ছোট অংশে প্যাচ টেস্ট করে নেওয়া জরুরি।