রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে আলু খাওয়ার সঠিক নিয়ম

লাল, হলুদ কিংবা রাসেট—সব ধরনের আলুর মধ্যেই শ্বেতসারের পরিমাণ প্রায় সমান থাকে। প্রতি ১০০ গ্রাম আলুতে প্রায় ৬০ থেকে ৭০ গ্রাম শ্বেতসার পাওয়া যায়, যার বড় অংশই দ্রুত হজম হয়ে রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। গবেষণায় দেখা গেছে, আলুর জাতের চেয়ে খাওয়ার পরিমাণ রক্তে শর্করার ওপর বেশি প্রভাব ফেলে। তাই পরিমিত পরিমাণে আলু গ্রহণ করা জরুরি। আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের পরামর্শ অনুযায়ী, পাতে শ্বেতসারসমৃদ্ধ সবজি এক-চতুর্থাংশের বেশি রাখা উচিত নয়।
রক্তে শর্করার ওপর আলুর ধরনের চেয়ে রান্নার কৌশল বেশি গুরুত্বপূর্ণ। সেদ্ধ আলু ঠান্ডা করে খেলে তাতে প্রতিরোধী শ্বেতসারের পরিমাণ বৃদ্ধি পায়, যা সহজে হজম হয় না এবং রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়তে দেয় না। উদাহরণস্বরূপ, সেদ্ধ লাল আলুর গ্লাইসেমিক ইনডেক্স ৮৯ থেকে কমে ঠান্ডা অবস্থায় ৫৬-তে নেমে আসতে পারে। তাই ভাজা আলুর পরিবর্তে সেদ্ধ বা সেঁকা আলু খাওয়া বেশি স্বাস্থ্যকর।
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে আলুর খোসা না ছাড়িয়ে খাওয়াই ভালো, কারণ খোসায় প্রচুর খাদ্যআঁশ থাকে। এছাড়া আলুর সঙ্গে স্বাস্থ্যকর চর্বি ও প্রোটিনযুক্ত খাবার মিশিয়ে খেলে গ্লাইসেমিক প্রতিক্রিয়া কমে যায়। ভাজা আলু এড়িয়ে চলে সঠিক রান্নার পদ্ধতি ও পরিমিত পরিমাণ বজায় রাখলে রক্তে শর্করার ঝুঁকি অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।