খাওয়ার পর ১০-১৫ মিনিট হাঁটার অভ্যাস কেন জরুরি? জেনে নিন এর উপকারিতা

খাওয়ার পর ১০-১৫ মিনিট হাঁটার অভ্যাস কেন জরুরি? জেনে নিন এর উপকারিতা

খাবার খাওয়ার পরপরই দীর্ঘ সময় বসে থাকা বা শুয়ে থাকার পরিবর্তে ধীর গতিতে কিছুক্ষণ হাঁটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। বিশেষজ্ঞদের মতে, খাওয়ার পর ১০ থেকে ১৫ মিনিট হালকা হাঁটাচলা হজম প্রক্রিয়া উন্নত করতে এবং মেটাবলিক স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খাওয়ার পর রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। এই সময়ে হাঁটাহাঁটি করলে শরীরের পেশিগুলো রক্তে থাকা গ্লুকোজকে শক্তি উৎপাদনের কাজে ব্যবহার করতে পারে, যা রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়ার প্রবণতা কমিয়ে দেয়।

অনেকের ধারণা, খাওয়ার পরপরই হাঁটলে হজমে সমস্যা হতে পারে, তবে চিকিৎসকদের মতে, হালকা হাঁটার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করার প্রয়োজন নেই। তবে এই সময়ে দ্রুত হাঁটা, দৌড়ানো কিংবা কঠোর শরীরচর্চা করা একেবারেই উচিত নয়। ভারী খাবার খাওয়ার পর শরীর হজমের কাজে ব্যস্ত থাকে, তাই অতিরিক্ত শারীরিক পরিশ্রম করলে পেটে অস্বস্তি বা বমি বমি ভাব হতে পারে। তাই হাঁটার গতি স্বাভাবিক ও আরামদায়ক রাখা জরুরি।

খাওয়ার পরপরই বিছানায় শুয়ে পড়ার অভ্যাস গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি বা অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা বাড়িয়ে দিতে পারে। শুয়ে পড়লে পাকস্থলীর অ্যাসিড খাদ্যনালির দিকে উঠে আসতে পারে, যার ফলে বুক জ্বালা বা টক ঢেকুরের মতো সমস্যা দেখা দেয়। তাই ভারী খাবার খাওয়ার পর অন্তত দুই থেকে তিন ঘণ্টা শুয়ে না থাকার পরামর্শ দেন চিকিৎসকেরা। অফিসে দীর্ঘক্ষণ বসে কাজ করার ফাঁকেও অল্প সময় হাঁটার অভ্যাস করা যেতে পারে। প্রতিদিনের রুটিনে এই ছোট্ট পরিবর্তন হজমে সাহায্য করার পাশাপাশি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *