রোজ ডিম খেলে কি কোলেস্টেরল বাড়ে? কী বলছেন বিশেষজ্ঞরা

ডিম প্রোটিনের একটি অত্যন্ত উৎকৃষ্ট উৎস। একটি বড় ডিমে প্রায় ৬ থেকে ৭ গ্রাম উচ্চমানের প্রোটিন এবং শরীরের জন্য প্রয়োজনীয় ন’টি এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড থাকে। এছাড়া ডিমে ভিটামিন বি১২, রাইবোফ্ল্যাভিন, সেলেনিয়াম, কোলিন এবং ভিটামিন ডি-র মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে। এই কারণেই ডিমকে ‘কমপ্লিট প্রোটিন’-এর উৎস হিসেবে গণ্য করা হয়।
অনেকেই কোলেস্টেরল বাড়ার ভয়ে রোজকার খাদ্যতালিকায় ডিম রাখতে দ্বিধা করেন। তবে চিকিৎসকদের মতে, বেশিরভাগ সুস্থ মানুষের জন্য প্রতিদিন ডিম খাওয়া নিরাপদ। গবেষণায় দেখা গেছে, ডিম খেলে রক্তে কোলেস্টেরলের মাত্রায় বড় কোনো পরিবর্তন হয় না এবং এতে হৃদরোগের ঝুঁকিও বাড়ে না। রক্তে কোলেস্টেরলের মাত্রা মূলত বংশগত কারণ, খাদ্যাভ্যাস, শরীরের ওজন এবং কায়িক শ্রমের ওপর নির্ভর করে।
খাবার থেকে পাওয়া কোলেস্টেরলের চেয়ে স্যাচুরেটেড ফ্যাট এবং ট্রান্স ফ্যাট রক্তে ‘খারাপ’ কোলেস্টেরল বা এলডিএল বাড়াতে বেশি দায়ী। ডিম রান্নার পদ্ধতির ওপরও অনেক কিছু নির্ভর করে। মাখন বা ঘি দিয়ে ভাজার বদলে সেদ্ধ ডিম, পোচ বা হালকা তেলে রান্না করা ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। ডিমের সঙ্গে শাকসবজি ও ফাইবারযুক্ত খাবার মিশিয়ে খেলে তা আরও সুষম ডায়েট হিসেবে কাজ করে।