খাওয়ার সময় নাকে খাবার উঠে যাওয়ার কারণ ও প্রতিকার

খাবার খাওয়ার সময় আমাদের গলার ভেতরে একটি জটিল ও সূক্ষ্ম সমন্বয় কাজ করে। আমরা যখন কিছু খাই বা পান করি, তখন নরম তালু ওপরের দিকে উঠে গিয়ে নাসারন্ধ্র বন্ধ করে দেয়। একই সঙ্গে শ্বাসনালির মুখে থাকা ঢাকনাটি শ্বাসনালি ঢেকে ফেলে, যাতে খাবার কেবল খাদ্যনালিতেই প্রবেশ করে। খাওয়ার সময় কথা বলা, হাসা, কাশি দেওয়া বা হাঁচি এলে এই স্বাভাবিক প্রক্রিয়ায় বিঘ্ন ঘটতে পারে। এর ফলে নরম তালু পুরোপুরি নাকের পথ আটকে রাখতে ব্যর্থ হয় এবং খাবার বা তরল নাকের ভেতরে চলে যেতে পারে।
দ্রুত খাওয়া, বড় লোকমা নেওয়া বা ভালোভাবে না চিবিয়ে খাবার গিলে ফেলার কারণেও এমন সমস্যা হতে পারে। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে অমনোযোগিতার কারণে এই ঘটনা বেশি ঘটে। তবে বারবার এমন সমস্যা হওয়া, খাবার গিলতে কষ্ট হওয়া, গলায় কিছু আটকে থাকার অনুভূতি বা কথা বলার ধরনে পরিবর্তন দেখা দিলে তা গুরুত্বের সঙ্গে দেখা উচিত। এটি পেশির দুর্বলতা, স্নায়ুর সমস্যা, অ্যালার্জি, সাইনাসের জটিলতা বা গলার কাঠামোগত সমস্যার লক্ষণ হতে পারে।
খাওয়ার সময় নাকে খাবার উঠে গেলে আতঙ্কিত না হয়ে ধীরে শ্বাস নেওয়া এবং মুখ দিয়ে পানি নিয়ে কুলি করে পরিষ্কার করা উচিত। নাক জোরে ঝাড়া থেকে বিরত থাকা ভালো, কারণ এতে চাপ বেড়ে অস্বস্তি বা ব্যথা হতে পারে। নিয়মিত শান্ত হয়ে বসে ভালোভাবে চিবিয়ে খাবার খাওয়া এবং খাওয়ার সময় কথা বলা বা হাসাহাসি এড়িয়ে চললে এই সমস্যা অনেকটাই কমানো সম্ভব। তবে সমস্যাটি বারবার হলে বা অন্য কোনো উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।