জল খাওয়ার সঠিক নিয়ম কী? ধীরে চুমুক দিয়ে জল পানের উপকারিতা জানালেন বিশেষজ্ঞরা

জল খাওয়ার সঠিক নিয়ম কী? ধীরে চুমুক দিয়ে জল পানের উপকারিতা জানালেন বিশেষজ্ঞরা

সোশ্যাল মিডিয়ায় ইদানীং ‘জল চিবিয়ে খাওয়া’ নিয়ে বেশ চর্চা চলছে। তবে এর অর্থ আক্ষরিক অর্থে জল চিবানো নয়, বরং একবারে অনেকটা জল না খেয়ে অল্প অল্প করে চুমুক দেওয়া এবং গিলে ফেলার আগে কিছুক্ষণ মুখের মধ্যে জল ঘোরানো। বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাস পরিপাকতন্ত্রকে খাবার বা জল গ্রহণের জন্য প্রস্তুত হতে সাহায্য করে। দ্রুত জল গিলে ফেললে মুখ, গলা ও পাকস্থলীর স্বাভাবিক সমন্বয় ব্যাহত হতে পারে, যা ধীরে জল পানের মাধ্যমে এড়ানো সম্ভব।

চিকিৎসকদের মতে, ধীরে জল পান করলে লালা নিঃসরণ বাড়ে, যা গলা ও খাদ্যনালিকে আর্দ্র রাখে। এতে জল গিলতে সুবিধা হয় এবং গলায় অস্বস্তি বা জ্বালাভাব কম অনুভূত হয়। একবারে অনেকটা জল খেলে পেটে যে ভারী ভাব বা অস্বস্তি তৈরি হয়, ধীরে জল পান করলে তা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া দ্রুত ঠান্ডা জল পান করার ফলে যাঁদের হাঁচি, নাক বন্ধ হওয়া বা চোখ দিয়ে জল পড়ার মতো সমস্যা হয়, ধীরে চুমুক দিয়ে জল খেলে সেই অস্বস্তিও অনেকাংশে কমে।

শরীরের আর্দ্রতা বজায় রাখার ক্ষেত্রেও ধীরে জল পান করা কার্যকর। একবারে অনেকটা জল খেলে দ্রুত প্রস্রাবের বেগ হতে পারে, ফলে শরীর থেকে জল বেরিয়ে যায়। অন্যদিকে, চুমুক দিয়ে জল পান করলে রক্তপ্রবাহে ধীরে ধীরে জল পৌঁছায়, যা শরীরের শক্তি বজায় রাখা, ত্বকের স্বাস্থ্য এবং দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। পরিপাকতন্ত্রকে প্রস্তুত করার পাশাপাশি অ্যাসিডিটির সমস্যা কমাতেও এই অভ্যাস সাহায্য করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *