রোজ ডিম খেলে কি কোলেস্টেরল বাড়ে? কী বলছেন বিশেষজ্ঞরা

ডিম প্রোটিনের একটি অত্যন্ত উৎকৃষ্ট উৎস। একটি বড় ডিমে প্রায় ৬ গ্রাম উচ্চমানের প্রোটিন এবং শরীরের জন্য প্রয়োজনীয় ন’টি এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড থাকে। এছাড়া ডিমে ভিটামিন বি১২, রাইবোফ্ল্যাভিন ও সেলেনিয়ামের মতো গুরুত্বপূর্ণ ভিটামিন ও মিনারেল পাওয়া যায়। তবে ডিমের কুসুমে কোলেস্টেরল থাকায় অনেকেই নিয়মিত ডিম খাওয়ার বিষয়ে দ্বিধাবোধ করেন।
বিশেষজ্ঞদের মতে, রক্তে কোলেস্টেরলের মাত্রা মূলত বংশগত কারণ, খাদ্যাভ্যাস, শরীরের ওজন এবং কায়িক শ্রমের ওপর নির্ভর করে। বেশিরভাগ সুস্থ মানুষের জন্য প্রতিদিন ডিম খাওয়া নিরাপদ। গবেষণায় দেখা গেছে, ডিম খেলে রক্তে কোলেস্টেরলের মাত্রায় বড় কোনো পরিবর্তন হয় না এবং এতে হৃদরোগের ঝুঁকিও বাড়ে না। খাবারে থাকা কোলেস্টেরলের চেয়ে স্যাচুরেটেড ফ্যাট ও ট্রান্স ফ্যাট রক্তে ‘খারাপ’ কোলেস্টেরল বা এলডিএল বাড়াতে বেশি দায়ী।
ডিম রান্নার পদ্ধতির ওপরও স্বাস্থ্যের বিষয়টি নির্ভর করে। মাখন বা ঘি দিয়ে রান্নার বদলে সেদ্ধ ডিম, পোচ বা হালকা তেলে ভাজা ডিম খাওয়া বেশি স্বাস্থ্যকর। ডিমের সঙ্গে শাকসবজি ও ফাইবারযুক্ত খাবার যোগ করলে তা আরও সুষম হয়। ডিমের সাদা অংশে কোলেস্টেরল থাকে না, আর কুসুমে থাকে ভিটামিন ডি ও কোলিনসহ নানা পুষ্টিগুণ। তাই প্রসেসড মিটের বদলে ডায়েটে ডিম রাখা শরীরের জন্য উপকারী।