রণবীর ব্রারের রেস্তোরাঁয় মিলছে ২৪ ক্যারাট সোনার ডাল তড়কা

বিখ্যাত শেফ রণবীর ব্রারের দুবাইয়ের রেস্তোরাঁ ‘কাশকান’-এ পরিবেশন করা হচ্ছে এক বিশেষ পদ, যা বর্তমানে নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই ডাল তড়কার বিশেষত্ব হলো এর উপরে থাকা ২৪ ক্যারাট ভোজ্য সোনার পাতলা পরত। ভোজ্য এই সোনা শরীরের জন্য সম্পূর্ণ নিরাপদ বলে দাবি করা হয়েছে। সাধারণ ডালের তুলনায় এই পদের দাম অনেকটাই বেশি। ভারতীয় মুদ্রায় এই গোল্ড ডাল তড়কার দাম প্রায় ৩,৫০০ থেকে ৪,০০০ টাকা, যা দুবাইয়ের মুদ্রায় ১৫০ থেকে ১৮০ দিরহামের সমান।
খাদ্যরসিকদের মতে, সোনার নিজস্ব কোনো স্বাদ নেই, এটি মূলত খাবারের সৌন্দর্য ও বিলাসিতা বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়। তবে ডালটির স্বাদ অত্যন্ত রাজকীয়। দেশি ঘি, কাসুরি মেথি এবং বিশেষ মশলার মিশ্রণে তৈরি এই ডাল অত্যন্ত সুস্বাদু। সোনার পরত ব্যবহারের ফলে পদটি দেখতে আরও আকর্ষণীয় হয়ে ওঠে।
পরিবেশনের ক্ষেত্রেও রাখা হয়েছে অভিনবত্ব। সাধারণ বাটির পরিবর্তে এই ডাল একটি কাঠের সিন্দুকে করে পরিবেশন করা হয়। রেস্তোরাঁ কর্তৃপক্ষের মতে, ভারতীয় সংস্কৃতিতে মূল্যবান জিনিস সিন্দুকে রাখার রীতি রয়েছে, তাই একে ‘দ্য ট্রেজার বক্স অফ ডাল কাশকান’ নামে অভিহিত করা হয়। সোশ্যাল মিডিয়ায় এই ডালের ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকেই একে বিলাসবহুল ভারতীয় খাবারের নতুন সংজ্ঞা হিসেবে বর্ণনা করছেন।