বিশ্বের থেকে ৭ বছর পিছিয়ে ইথিওপিয়া, কেন এই দেশে বছরে ১৩ মাস?

বিশ্বের অধিকাংশ দেশ গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করলেও ইথিওপিয়া আজও প্রাচীন গিজ ক্যালেন্ডার মেনে চলে। এই ক্যালেন্ডারের হিসেবে দেশটি বিশ্বের বাকি অংশ থেকে প্রায় সাত-আট বছর পিছিয়ে রয়েছে। ইথিওপিয়ার ক্যালেন্ডারে মোট ১৩টি মাস থাকে, যার মধ্যে প্রথম ১২টি মাসের প্রতিটিতে ৩০ দিন করে থাকে। বছরের শেষ বা ১৩ নম্বর মাসটিকে বলা হয় ‘পাগুমে’, যেখানে সাধারণ বছরে পাঁচ দিন এবং লিপ ইয়ারে ছয় দিন থাকে। যিশু খ্রিস্টের জন্মের বছর গণনার পার্থক্যের কারণেই এই ক্যালেন্ডার ব্যবস্থার উদ্ভব হয়েছে।
ইথিওপিয়ায় নতুন বছর শুরু হয় প্রতি বছর ১১ সেপ্টেম্বর, যাকে ‘এনকুটাটাশ’ বলা হয়। লিপ ইয়ারের ক্ষেত্রে এই তারিখ ১২ সেপ্টেম্বর হয়। এছাড়া ইথিওপিয়ান অর্থোডক্স চার্চের রীতি অনুযায়ী সেখানে ৭ জানুয়ারি বড়দিন বা ‘গেন্না’ পালিত হয়। শুধু ক্যালেন্ডার নয়, সময় গণনার পদ্ধতিতেও রয়েছে ভিন্নতা। আন্তর্জাতিক নিয়মে রাত ১২টায় নতুন দিন শুরু হলেও, ইথিওপিয়ায় সকাল ৬টা থেকে দিন গণনা শুরু হয়। ফলে আন্তর্জাতিক সময়ের সঙ্গে তাদের ঘড়ির ছয় ঘণ্টার পার্থক্য থাকে।
দেশটির দৈনন্দিন জীবন, কৃষি কাজ ও ঐতিহ্যবাহী উৎসবের ক্ষেত্রে গিজ ক্যালেন্ডারই প্রধান। তবে আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য, যাতায়াত এবং সরকারি নথিপত্রের প্রয়োজনে তারা গ্রেগরিয়ান ক্যালেন্ডার ও আন্তর্জাতিক সময় ব্যবহার করে। জোড়া ক্যালেন্ডার ব্যবহারের মাধ্যমে ইথিওপিয়া আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার পাশাপাশি নিজেদের প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতিকে আজও সগৌরবে টিকিয়ে রেখেছে।