শান্তিনিকেতনে শুরু বেঙ্গল বিয়েনালে ২০২৬-২৭: শিল্প ও প্রকৃতির অনন্য মেলবন্ধন

শান্তিনিকেতনে শুরু বেঙ্গল বিয়েনালে ২০২৬-২৭: শিল্প ও প্রকৃতির অনন্য মেলবন্ধন

গেমপ্ল্যান ফাউন্ডেশনের উদ্যোগে শান্তিনিকেতনে শুরু হয়েছে ‘বেঙ্গল বিয়েনালে ২০২৬-২৭’। এবারের আয়োজনের মূল ভাবনা কবি জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ কবিতা থেকে অনুপ্রাণিত। শিল্পকর্মের পাশাপাশি শান্তিনিকেতনের ঐতিহ্য, ইতিহাস এবং প্রাকৃতিক পরিবেশকে গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে এই উৎসব। শিল্পীদের ভাবনায় প্রকৃতি, স্মৃতি, বিস্মৃত ইতিহাস এবং মানুষের পারস্পরিক সম্পর্কের নানা দিক উঠে এসেছে।

প্রথাগত গ্যালারির চার দেওয়াল থেকে বেরিয়ে এবারের প্রদর্শনী ছড়িয়ে দেওয়া হয়েছে শান্তিনিকেতনের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক কেন্দ্রে। নন্দন আর্ট মিউজিয়াম, টোকারুন, এসএসভিএডি, আর্থশিলা, স্কাল্পচার পার্ক, সোমনাথ হোর স্টুডিও এবং কৃত্তিকা আর্টস স্পেসের মতো স্থানে শিল্পকর্মগুলি প্রদর্শিত হচ্ছে। এর ফলে দর্শকরা শিল্পের পাশাপাশি সংশ্লিষ্ট স্থানগুলির স্থাপত্য ও সাংস্কৃতিক গুরুত্ব অনুধাবনের সুযোগ পাচ্ছেন।

এই আন্তর্জাতিক শিল্প উৎসবে যোগেন চৌধুরী, জিতিশ কল্লাট, শিল্পা গুপ্ত, পরেশ মাইতি এবং অমল কে পাটিলসহ দেশ-বিদেশের বহু বিশিষ্ট শিল্পীর শতাধিক শিল্পকর্ম স্থান পেয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ঋতিকা বিশ্বাস, জয়শ্রী বর্মন, পঙ্কজ পানওয়ার, উইলিয়াম ডে রুইজ, তেজল শাহ এবং কে এস রাধাকৃষ্ণের মতো শিল্পীরা উপস্থিত ছিলেন। আধুনিক শিল্পভাবনার সঙ্গে শান্তিনিকেতনের সাংস্কৃতিক ঐতিহ্যের এই সংযোগ শিল্পপ্রেমী ও দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতার সুযোগ তৈরি করেছে। আগামী ২ জানুয়ারি, ২০২৭ পর্যন্ত এই শিল্প উৎসব চলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *