প্রাণীরা কি সচেতনভাবে মিথ্যা বলতে পারে? আফ্রিকার এক পাখির কাণ্ড দেখে বিস্মিত বিজ্ঞানীরা

মানুষের মতো প্রাণীরাও কি সচেতনভাবে মিথ্যা বলতে বা ছলনা করতে পারে? কলম্বিয়া ইউনিভার্সিটির জীববিজ্ঞানী জেম্স ও’হ্যানলনের লেখা ‘লায়ার্স, চিট্স অ্যান্ড কপিক্যাট্স’ বইটিতে জীবজগতের প্রতারণার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে। অনেক প্রাণী সহজাত প্রবৃত্তি বা প্রাকৃতিক বিবর্তনের ফলে ছদ্মবেশ ধারণ করে, যেমন অর্কিড ম্যান্টিস বা প্রজাপতি। তবে কিছু প্রাণীর আচরণ সাধারণ ছদ্মবেশের চেয়ে অনেক বেশি জটিল ও পরিকল্পিত বলে মনে হয়।
আফ্রিকার ফর্ক-টেল্ড ড্রঙ্গো পাখিটি এই বিষয়ে বিজ্ঞানীদের বিশেষ নজর কেড়েছে। কালাহারি মরুভূমিতে এই পাখিটি মিরক্যাট বা অন্যান্য প্রাণীদের খাবার চুরি করতে মিথ্যা বিপদ সংকেত ব্যবহার করে। ড্রঙ্গো প্রায় ৫১ ধরনের বিপদ সংকেত দিতে পারে, যার মধ্যে ৪৫টিই অন্য প্রাণীর ডাকের অনুকরণ। গবেষক টম ফ্লাওয়ারের পরীক্ষায় দেখা গিয়েছে, প্রথমবার মিথ্যা সংকেত ব্যর্থ হলে ড্রঙ্গো সংকেতের ধরন বদলে ফেলে, যা ইঙ্গিত দেয় যে তারা সচেতনভাবেই প্রতারণার কৌশল অবলম্বন করছে।
বিজ্ঞানীরা একে ‘ম্যাকিয়াভেলিয়ান ইন্টেলিজেন্স’ হিসেবে অভিহিত করেন, যেখানে দলবদ্ধ প্রাণীদের মধ্যে খাদ্যের ভাগাভাগি ও সামাজিক মিথস্ক্রিয়ার কারণে প্রতারণার প্রবণতা বেশি দেখা যায়। তবে প্রাণীরা মানুষের মতো সচেতনভাবে মিথ্যা বলছে কি না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে দ্বিধা রয়েছে বিজ্ঞানীদের। গবেষণার নিরপেক্ষতা বজায় রাখতে প্রাণীদের ওপর মানুষের আবেগ বা চিন্তাভাবনা আরোপ না করার নিয়ম মেনে চলেন বিশেষজ্ঞরা। ভবিষ্যতে আরও গবেষণার মাধ্যমেই এই রহস্যের সমাধান সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।