জাপানের রহস্যময় দ্বীপ আওগশিমা: আগ্নেয়গিরির তাপে চলে জীবনযাত্রা

জাপানের রাজধানী টোকিও থেকে প্রায় ৩৬০ কিলোমিটার দক্ষিণে প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত আওগশিমা দ্বীপ। ইজু দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত এই ছোট্ট জনপদটি প্রশাসনিকভাবে টোকিও মেট্রোপলিটনের অধীনে। প্রায় ৫.৯৬ বর্গকিলোমিটার আয়তনের এই দ্বীপে মাত্র ১৭০ জন মানুষ বসবাস করেন, যা জাপানের অন্যতম ক্ষুদ্র মিউনিসিপ্যালিটি হিসেবে পরিচিত। উপর থেকে দেখলে দ্বীপটিকে একটি বিশাল বাটির মতো মনে হয়, যার মাঝখানে মাউন্ট মারুয়ামা নামে একটি ছোট আগ্নেয়গিরির চূড়া রয়েছে।
আওগশিমার ইতিহাসে রয়েছে ভয়াবহ অগ্ন্যুৎপাতের স্মৃতি। ১৭৮৫ সালের অগ্ন্যুৎপাতের কারণে প্রায় ৫০ বছর দ্বীপটি জনশূন্য ছিল। পরবর্তীতে ১৮৩২ সালে বাসিন্দারা পুনরায় ফিরে এসে বসতি স্থাপন করেন। আগ্নেয়গিরির সক্রিয়তার কারণে দ্বীপের বিভিন্ন স্থানে মাটি ফুঁড়ে গরম ধোঁয়া ও বাষ্প নির্গত হয়। স্থানীয় বাসিন্দারা এই প্রাকৃতিক তাপকে কাজে লাগিয়ে রান্নার কাজ সম্পন্ন করেন, যা এই দ্বীপের জীবনযাত্রার অন্যতম বৈশিষ্ট্য।
শহরের কোলাহলমুক্ত এই দ্বীপে চাষবাস, স্থানীয় সামগ্রী তৈরি এবং পর্যটনের ওপর ভিত্তি করে মানুষের জীবিকা নির্বাহ হয়। আওগশিমায় পৌঁছাতে হলে প্রথমে টোকিও থেকে হাচিজোজিমা দ্বীপে যেতে হয়। সেখান থেকে হেলিকপ্টারে ২০ মিনিট অথবা জাহাজে আড়াই থেকে তিন ঘণ্টার যাত্রায় দ্বীপে পৌঁছানো সম্ভব। তবে আগ্নেয়গিরি এলাকা হওয়ায় ভ্রমণের আগে সরকারি সতর্কতা ও নিরাপত্তা বিধি মেনে চলা অত্যন্ত জরুরি।