মণিপুরের উইপোকা খেয়েই ৫,৭০০ কিমি পথ পাড়ি আমুর ফ্যালকনের

মণিপুরের উইপোকা খেয়েই ৫,৭০০ কিমি পথ পাড়ি আমুর ফ্যালকনের

প্রতি বছর শরৎকালে হাজার হাজার আমুর ফ্যালকন মণিপুরের পাহাড়ে এসে জড়ো হয়। দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দেওয়ার আগে এই অঞ্চলটি তাদের শক্তির ভান্ডার হিসেবে কাজ করে। সম্প্রতি ‘আলাং’ নামের একটি স্ত্রী ফ্যালকন মাত্র ১০১ ঘণ্টায় ৫,৭০০ কিলোমিটার পথ নন-স্টপ উড়ে সোমালিয়ায় পৌঁছেছে। সারা বছরে প্রায় ২৩টি দেশ ঘুরে ২২,০০০ কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করে এই পরিযায়ী পাখিরা।

ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া-র এক টেকনিক্যাল রিপোর্ট অনুযায়ী, মণিপুরে অবস্থানের সময় আমুর ফ্যালকনরা প্রচুর পরিমাণে পোকামাকড় শিকার করে। বিশেষত ‘ওডোন্টোটার্মেস ফি’ প্রজাতির উইপোকা তাদের প্রধান খাদ্য। অক্টোবর ও নভেম্বর মাসে মাটির নিচের কলোনি থেকে ঝাঁকে ঝাঁকে বেরিয়ে আসা এই উইপোকা আকাশে উড়ন্ত অবস্থাতেই শিকার করে পাখিরা। এর ফলে তাদের শরীরে দ্রুত চর্বি বা ফ্যাট জমা হয়।

দীর্ঘ উড়ানের সময় যখন খাবার বা জলের কোনো সুযোগ থাকে না, তখন শরীরে সঞ্চিত এই চর্বিই তাদের শক্তির জোগান দেয়। আরব সাগরের ওপর দিয়ে প্রায় ৩,০০০ কিলোমিটারের যাত্রাসহ এই দীর্ঘ ম্যারাথন উড়ানে শরীরে জমানো ফ্যাট এবং অনুকূল বায়ুপ্রবাহ বড় ভূমিকা পালন করে। মণিপুরের এই বিশেষ খাদ্যাভ্যাসই তাদের এই অসাধ্য সাধনে সাহায্য করে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *