লাকি ব্যাম্বুর পাতা হলুদ হয়ে যাচ্ছে? সতেজ রাখতে মেনে চলুন এই নিয়মগুলি

ঘরের কোণে বা অফিসের টেবিলে রাখা লাকি ব্যাম্বু গাছ সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক হিসেবে পরিচিত। তবে অনেক সময় সঠিক যত্নের অভাবে এই গাছের সবুজ পাতা হলুদ হতে শুরু করে। গাছকে সতেজ ও প্রাণবন্ত রাখতে আলোর দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। লাকি ব্যাম্বু উজ্জ্বল আলো পছন্দ করলেও সরাসরি সূর্যের আলোতে রাখা উচিত নয়। জানলার পাশে এমন জায়গায় গাছটি রাখুন যেখানে পর্যাপ্ত পরোক্ষ আলো পৌঁছায়।
জলে রাখা লাকি ব্যাম্বুর ক্ষেত্রে প্রতি সাত থেকে দশ দিন অন্তর জল পরিবর্তন করা জরুরি। এক্ষেত্রে ফিল্টার করা জল ব্যবহার করা সবচেয়ে ভালো, তবে কলের জল ব্যবহার করতে চাইলে তা সারা রাত রেখে দিয়ে ব্যবহার করুন। টবে লাগানো গাছের ক্ষেত্রে মাটির উপরিভাগ শুকিয়ে এলে তবেই জল দিন। অতিরিক্ত জল জমে থাকলে শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া মাসে একবার সামান্য জৈব সার বা কম্পোস্ট ব্যবহার করলেই গাছের পুষ্টি বজায় থাকে।
গাছের পাতা পরিষ্কার ও চকচকে রাখতে মাসে এক-দুবার নরম ভেজা কাপড় দিয়ে পাতাগুলি মুছে দিন। ১৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই গাছের জন্য আদর্শ। তাই এসি, হিটার বা সরাসরি ঠান্ডা হাওয়ার সংস্পর্শ থেকে গাছটিকে দূরে রাখা প্রয়োজন। যদি কোনো পাতা হলুদ হয়ে যায়, তবে তা দ্রুত কেটে বাদ দিন। এতে গাছের সুস্থ অংশের বৃদ্ধি ত্বরান্বিত হয় এবং গাছটি দীর্ঘ সময় সতেজ থাকে।