প্রতিদিন ধূপ জ্বালানোর অভ্যাস ফুসফুসের ক্ষতি করছে কি? জেনে নিন সতর্কতার উপায়

প্রতিদিন ঠাকুরঘরে ধূপ জ্বালানোর অভ্যাস অনেকেরই রয়েছে। তবে ধূপকাঠিতে থাকা কাঠের গুঁড়ো, সুগন্ধি রাসায়নিক ও আঠা পোড়ার সময় বাতাসে প্রচুর পরিমাণে পিএম ২.৫, কার্বন মনোক্সাইড, ফর্মালডিহাইড ও বেনজিনের মতো বিষাক্ত গ্যাস নির্গত হয়। বন্ধ ঘরে এই ধোঁয়া বের হতে না পারায় তা সরাসরি শ্বাসনালী ও ফুসফুসে প্রবেশ করে। দীর্ঘমেয়াদে এই অভ্যাস সিওপিডি, অ্যাজমা ও ব্রঙ্কাইটিসের মতো জটিল রোগের ঝুঁকি বাড়িয়ে তোলে।
ধূপের তীব্র গন্ধ অনেকের ক্ষেত্রে চোখ জ্বালা, নাক বন্ধ, মাথা ধরা ও ত্বকে অ্যালার্জির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে শিশু, বয়স্ক এবং যাদের আগে থেকেই হাঁপানির সমস্যা রয়েছে, তাদের জন্য এই ধোঁয়া অত্যন্ত বিপজ্জনক। তাই ধূপ জ্বালানোর ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি। কখনোই দরজা-জানালা বন্ধ করে ধূপ জ্বালাবেন না। পুজোর ঘরের জানালা খোলা রাখুন অথবা এক্সহস্ট ফ্যান চালিয়ে ধোঁয়া বের হওয়ার পথ তৈরি করুন।
ঘণ্টার পর ঘণ্টা ধূপ জ্বালিয়ে না রেখে পুজোর সময়টুকু ব্যবহার করে তা নিভিয়ে দেওয়া ভালো। রাসায়নিক সুগন্ধিযুক্ত ধূপের বদলে গুগগুল, চন্দন বা প্রাকৃতিক উপাদানে তৈরি ধূপকাঠি ও ধুনো ব্যবহার করা শ্রেয়। বাঁশ ছাড়া ধূপ বা বাম্বুলেস ধূপ অপেক্ষাকৃত কম ক্ষতিকর। ধূপ জ্বালানোর সময় তার খুব কাছে বসে থাকবেন না। ধূপের বিকল্প হিসেবে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন, যা বাতাস শুদ্ধ রাখতে সাহায্য করে। সামান্য সচেতনতাই ভক্তি ও স্বাস্থ্য বজায় রাখতে সহায়ক হতে পারে।