কী এই ‘আত্মসম্মানের বিয়ে’? জেনে নিন এর রীতি ও আইনি বৈধতা

তামিলনাড়ুর ‘সুয়ামারিয়াদাই থিরুমানম’ বা আত্মসম্মানের বিয়ে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ১৯২৫ সালে ই ভি রামস্বামী পেরিয়ারের আত্মসম্মান আন্দোলনের হাত ধরে এই বিয়ের ধারণার সূচনা হয়। জাতপাতের ভেদাভেদ ও পুরুষতান্ত্রিক প্রথাকে চ্যালেঞ্জ জানিয়ে দুই প্রাপ্তবয়স্ক মানুষের পারস্পরিক সম্মতি ও সমতার ভিত্তিতে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়াই এই রীতির মূল লক্ষ্য। প্রচলিত বিয়ের মতো এখানে পুরোহিত, মন্ত্রপাঠ বা ধর্মীয় আচার-অনুষ্ঠানের কোনো বাধ্যবাধকতা নেই।
এই ধরনের বিয়েতে পরিবারের সদস্য বা বন্ধুদের উপস্থিতিতে দম্পতি নিজেদের ইচ্ছামতো মালা, আংটি বা চেন বিনিময়ের মাধ্যমে একে অপরকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করতে পারেন। ১৯৫৫ সালের হিন্দু বিবাহ আইনে তামিলনাড়ু সরকার ৭-ক ধারা যুক্ত করে এই বিয়েকে আইনি স্বীকৃতি দিয়েছে। পুদুচেরিতেও এর জন্য পৃথক আইনি বিধান রয়েছে। তবে এই বিশেষ নিয়ম ভারতের সব রাজ্যে একইভাবে প্রযোজ্য নয়।
তামিলনাড়ুর ৭-ক ধারা মেনে সম্পন্ন হওয়া বিয়ে দেশের অন্য রাজ্যেও আইনত স্বীকৃত হতে পারে। তবে বিয়ের বৈধতা প্রমাণের জন্য প্রয়োজনীয় নথি ও রেজিস্ট্রেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশে এই ধরনের বিয়ে সম্পন্ন হলে তা স্বয়ংক্রিয়ভাবে তামিলনাড়ুর আইনের আওতায় পড়ে না। সেক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের আইন এবং ভারতীয় আইনের শর্তাবলি বিবেচনা করতে হয়। বিয়ের প্রমাণ হিসেবে ছবি, ভিডিও, সাক্ষীদের বক্তব্য এবং সরকারি নথিপত্রই প্রধান ভিত্তি হিসেবে কাজ করে।