শীতের সোয়েটার থেকে রোয়া তোলার সহজ উপায়

শীতের সোয়েটার থেকে রোয়া তোলার সহজ উপায়

শীতের শুরুতে আলমারি থেকে বের করা সোয়েটারে অনেক সময় ছোট ছোট রোয়া বা গুটি দেখা যায়। এতে পোশাকটি পুরনো ও মলিন দেখায়। তবে সামান্য কিছু ঘরোয়া কৌশলে খুব সহজেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। প্রথমে সোয়েটারটি বিছানায় টানটান করে বিছিয়ে নিন। এরপর একটি নতুন রেজার দিয়ে খুব আলতো হাতে একদিক থেকে টানলে জমে থাকা রোয়াগুলো উঠে আসবে। তবে খেয়াল রাখবেন, জোরে চাপ দিলে উলের সুতো কেটে যেতে পারে। রোয়া তোলার পর ছোট আঁশ পরিষ্কার করতে চওড়া সেলোটেপ ব্যবহার করতে পারেন।

রেজার ব্যবহারে ভয় থাকলে বাজারে পাওয়া যায় সোয়েটার চিরুনি বা ফ্যাব্রিক শেভার। এগুলো দিয়ে পরিষ্কার করলে উল কাটার ঝুঁকি থাকে না। এছাড়া বাড়িতে থাকা পিউমিস স্টোন দিয়েও মোটা উলের সোয়েটারের রোয়া পরিষ্কার করা যায়। পিউমিস স্টোনটি খুব হালকা হাতে একদিকে ঘষলে জট পাকানো রোয়াগুলো সহজেই আলাদা হয়ে যায়। এই পদ্ধতিগুলো অবলম্বন করলে আপনার শখের সোয়েটারটি আবার নতুনের মতো দেখাবে।

সোয়েটারে রোয়া ওঠা আটকাতে ধোয়ার পদ্ধতিতে পরিবর্তন আনা জরুরি। সাধারণ গুঁড়ো সাবান ব্যবহার না করে ঠান্ডা জলে অল্প লিকুইড সাবান মিশিয়ে সোয়েটার উল্টো করে ধুয়ে নিন। ধোয়ার পর সোয়েটার দড়িতে ঝুলিয়ে বা কড়া রোদে শুকোবেন না। এতে পোশাকের মাপ নষ্ট হওয়ার পাশাপাশি রোয়া বাড়ার সম্ভাবনা থাকে। ছায়াযুক্ত স্থানে সমান জায়গায় তোয়ালে বিছিয়ে সোয়েটার শুকিয়ে নিলে তা দীর্ঘস্থায়ী ও সুন্দর থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *