কাটা পেঁয়াজ সংরক্ষণের সঠিক নিয়ম ও সতর্কতা

কাটা পেঁয়াজ সংরক্ষণের সঠিক নিয়ম ও সতর্কতা

রান্নার প্রয়োজনে অর্ধেক পেঁয়াজ কেটে বাকি অংশ ফেলে রাখা অনেকেরই অভ্যাস। তবে বিশেষজ্ঞরা বলছেন, পেঁয়াজ কেটে দীর্ঘক্ষণ ঘরের স্বাভাবিক তাপমাত্রায় ফেলে রাখা মোটেও স্বাস্থ্যকর নয়। বিশেষ করে গরম ও আর্দ্র আবহাওয়ায় কাটা পেঁয়াজে দ্রুত জীবাণু সংক্রমণের আশঙ্কা থাকে। তাই অর্ধেক কাটা পেঁয়াজ ঝুরিতে ফেলে রেখে পরের দিন ব্যবহার করা বিপজ্জনক হতে পারে।

অনেকে কাটা পেঁয়াজ খোলা অবস্থায় ফ্রিজে রাখেন, যা ভুল পদ্ধতি। এতে পেঁয়াজের ঝাঁঝালো গন্ধ ফ্রিজের অন্যান্য খাবারে ছড়িয়ে পড়ে এবং খাবারের স্বাদ ও গুণগত মান নষ্ট হয়। এছাড়া খোলা অবস্থায় রাখলে পেঁয়াজ নরম বা পিচ্ছিল হয়ে যেতে পারে। তাই কাটা পেঁয়াজ সংরক্ষণের জন্য সবসময় পরিষ্কার এয়ারটাইট পাত্র বা জিপলক ব্যাগ ব্যবহার করা উচিত। জিপলক ব্যাগে রাখার সময় ভেতর থেকে বাতাস বের করে মুখ ভালোভাবে বন্ধ করে রাখা জরুরি।

পেঁয়াজ কাটার আগে হাত, ছুরি ও কাটিং বোর্ড ভালোভাবে পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। ন্যাশনাল অনিয়ন অ্যাসোসিয়েশনের নির্দেশিকা অনুযায়ী, পরিষ্কার ও ঢাকনাযুক্ত পাত্রে ফ্রিজে রাখলে কাটা পেঁয়াজ সর্বোচ্চ সাত দিন পর্যন্ত ভালো থাকে। তবে বাড়ির রান্নায় ব্যবহারের ক্ষেত্রে যত দ্রুত সম্ভব তা শেষ করে ফেলাই শ্রেয়। যদি পেঁয়াজে কোনো অস্বাভাবিক গন্ধ, পিচ্ছিল ভাব বা পচনের লক্ষণ দেখা দেয়, তবে তা ব্যবহার না করাই ভালো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *