বিচারব্যবস্থায় দ্বিমুখী নীতির অভিযোগ অভিষেকের, হাইকোর্টের শো-কজ নিয়ে সরব তৃণমূল সাংসদ

বিচারব্যবস্থায় দ্বিমুখী নীতির অভিযোগ অভিষেকের, হাইকোর্টের শো-কজ নিয়ে সরব তৃণমূল সাংসদ

কলকাতা হাইকোর্টের শো-কজ নোটিশ পাওয়ার পর বিচারব্যবস্থা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি অভিযোগ করেন, বিচারব্যবস্থার একটি অংশ চাপের মুখে কাজ করছে এবং তাঁর ক্ষেত্রে যে দ্রুততায় আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে, তা অন্যদের ক্ষেত্রে দেখা যায় না। বিজেপি নেতা ও সাংসদদের অতীতের বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বিচার প্রক্রিয়ায় দ্বিমুখী নীতির অভিযোগ তুলেছেন।

অভিষেকের দাবি, অতীতে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বা বিপ্লব দেবের মতো নেতারা বিচারব্যবস্থা নিয়ে বিতর্কিত মন্তব্য করলেও তাঁদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি আরও অভিযোগ করেন, সাধারণ নাগরিক বা সাংসদদের মামলা মাসের পর মাস ঝুলে থাকলেও বড় শিল্পপতিদের মামলা দ্রুত নিষ্পত্তি হয়। এছাড়া নির্বাচন কমিশন বা রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকদের বিরুদ্ধে আদালত অবমাননার পদক্ষেপ না নেওয়া নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন।

নিজের ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগও করেছেন অভিষেক। গত ৭ নভেম্বর তাঁর বাড়িতে হামলার ঘটনার পর উলটে তাঁর বিরুদ্ধেই শ্লীলতাহানির মামলা দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। এছাড়া রাজ্যের সাম্প্রতিক এনকাউন্টারের ঘটনা নিয়ে পুলিশ প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলেছেন। আগামী ১৫ দিনের মধ্যে তাঁকে হাইকোর্টের নোটিসের জবাব দিতে বলা হয়েছে।

অভিষেকের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপি। দলের রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার পাল্টা তোপ দেগে বলেন, সংবিধান ও আদালতকে অবমাননা করার মানসিকতা তৈরি হয়েছে অভিষেকের মধ্যে। তাঁর মতে, এই ধরনের আচরণের শেষ পরিণতি জেল হতে পারে। সংবিধান যে ঠুনকো নয়, তা ভবিষ্যতে বুঝিয়ে দেওয়া হবে বলেও বিজেপি হুঁশিয়ারি দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *