বেলঘড়িয়ায় মদ্যপানের আসরে বন্ধুকে পাথর দিয়ে থেঁতলে খুন, রক্তমাখা পায়ের ছাপেই ধরা পড়ল অভিযুক্ত

বেলঘড়িয়ায় মদ্যপানের আসরে বন্ধুকে পাথর দিয়ে থেঁতলে খুন, রক্তমাখা পায়ের ছাপেই ধরা পড়ল অভিযুক্ত

উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়ার রবীন্দ্রনগর এলাকায় মদ্যপানের আসরে বচসার জেরে বন্ধুকে খুনের অভিযোগ উঠল। মৃত সন্তোষ কর্মকার পেশায় টোটো চালক ছিলেন। অভিযোগ, গত পরশু রাতে এলাকারই বাসিন্দা সুভাষ দাসের সঙ্গে মদ্যপান করার সময় তাঁদের মধ্যে বিবাদ শুরু হয়। সেই বচসা থেকেই সুভাষ ভারী পাথর দিয়ে সন্তোষের মাথায় ও মুখে আঘাত করে বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় সন্তোষের।

খুনের পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে অভিযুক্ত দেহটি পাশের একটি ড্রেনে ফেলে দেয়। এরপর রক্তমাখা পায়ে হেঁটেই সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরদিন সকালে স্থানীয় বাসিন্দারা দেহটি দেখতে পেয়ে বেলঘড়িয়া থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং তদন্ত শুরু করে।

তদন্তে নেমে পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা পায়ের ছাপ লক্ষ্য করে। সেই ছাপ অনুসরণ করেই পুলিশ সরাসরি অভিযুক্ত সুভাষ দাসের বাড়ির সামনে পৌঁছে যায়। জেরার মুখে সুভাষ খুনের কথা স্বীকার করলে পুলিশ তাকে গ্রেফতার করে। এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশ পিকেট বসানো হয়েছে। ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *