লোকসভার আসন পুনর্বিন্যাস বিল নিয়ে রাহুল গান্ধীর সঙ্গে মতপার্থক্য ডিএমকে-র

কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদিত লোকসভার আসন পুনর্বিন্যাস বিল নিয়ে রাহুল গান্ধী ও ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের মধ্যে মতপার্থক্য প্রকাশ্যে এসেছে। রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় স্ট্যালিনকে উদ্দেশ্য করে লেখেন, লোকসভার আসন সংখ্যা ৮৫০ করা হলে তা ভারতের গণতন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে। তাঁর দাবি, এই বিলের মাধ্যমে বিজেপি ও আরএসএস নিজেদের সুবিধার্থে নির্বাচনী মানচিত্র পরিবর্তনের সুযোগ পাবে। সংবিধান ও তামিলনাড়ুর স্বার্থরক্ষার খাতিরে তিনি স্ট্যালিনকে এই বিলের বিরোধিতা করার আহ্বান জানান।
রাহুলের বার্তার জবাবে স্ট্যালিন স্পষ্ট জানিয়েছেন যে, তামিলনাড়ু ও তামিল জনগণের স্বার্থই তাঁদের কাছে অগ্রাধিকার পায়। সেই কারণেই ডিএমকে এই বিলকে সমর্থন করছে। স্ট্যালিন এই বিলকে তামিলনাড়ু ও দক্ষিণের রাজ্যগুলির দীর্ঘ সংগ্রামের জয় হিসেবে অভিহিত করেছেন। ডিএমকে নেতা এ রাজা জানিয়েছেন, এই পুনর্বিন্যাসের ফলে তামিলনাড়ুর আসন সংখ্যা ৭.১৮ শতাংশ থেকে বেড়ে ৭.২১ শতাংশ হবে।
উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদিত এই বিলে লোকসভার আসন ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০ করার প্রস্তাব রাখা হয়েছে। এতে ২০৫১ সাল পর্যন্ত ১৯৭১ সালের জনগণনার ভিত্তিতে রাজ্যগুলির আসনের অনুপাত অপরিবর্তিত রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি, ২০১১ সালের জনগণনা অনুযায়ী আসন পুনর্বিন্যাস ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণের পথ প্রশস্ত করবে। ডিএমকে এবং শরদ পাওয়ারের এনসিপি (এসপি) এই বিলকে সমর্থন জানিয়েছে।
বর্তমানে লোকসভায় এনডিএ-র প্রায় ৩২০ জন সাংসদ রয়েছেন। ডিএমকে-র ২২ এবং এনসিপি (এসপি)-র ৮ জন সাংসদ এই বিলকে সমর্থন করায় প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা ৩৫০-এর কাছাকাছি পৌঁছে যেতে পারে। এই পরিস্থিতিতে রাহুল গান্ধী ও ইন্ডিয়া ব্লকের অন্যান্য শরিক দলগুলির পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। সূত্রের খবর, চেন্নাইয়ের পর বিরোধী নেতৃত্ব মুম্বইয়ে শরদ পাওয়ারের সঙ্গেও বৈঠকে বসতে পারেন।