বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার আবহে ভারত সীমান্তে কড়া নজরদারি

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ভারত সীমান্তবর্তী এলাকাগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সম্ভাব্য অশান্তি ও বিশৃঙ্খলা রুখতে বিএনপি এবং জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকরা সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় রাত জেগে পাহারা দিচ্ছেন। দিনাজপুর, জামালপুর, বেনাপোল ও কুমিল্লার মতো জেলাগুলিতে স্থানীয়দের এই তৎপরতা লক্ষ্য করা গেছে। মূলত আওয়ামী লীগের সম্ভাব্য বিক্ষোভ ও নাশকতার আশঙ্কা থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে।
সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-র পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয়রা সচেতনভাবে তথ্য দিয়ে বাহিনীকে সহায়তা করছেন। তবে নিরাপত্তার মূল দায়িত্ব বিজিবি-র হাতেই ন্যস্ত রয়েছে। সাম্প্রতিক ঘটনাক্রমের প্রেক্ষিতে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। এদিকে, ঢাকা ও গোপালগঞ্জসহ দেশের সাতটি জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে, আওয়ামী লীগের বিভিন্ন দাবিকে কেন্দ্র করে দেশজুড়ে উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার রাত থেকে ঢাকা ও অন্যান্য স্থানে বাস, ট্রেন, বিদ্যুৎ উপকেন্দ্র ও সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের মতো নাশকতার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ঢাকা থেকে ৪৪২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজ়ার কাছে দুই দলের সংঘর্ষে যুবলীগের এক কর্মী নিহত হয়েছেন। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।