লস অ্যাঞ্জেলেসে জোরালো ভূমিকম্প, অনুভূত ৪০টি আফটারশক

রবিবার সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ও সংলগ্ন এলাকায় তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা নাগাদ ম্যানহাটন বিচ থেকে ৩.৭ মাইল দক্ষিণ-পশ্চিমে এই কম্পন আঘাত হানে। ভূপৃষ্ঠের ৭.৬ মাইল গভীরে ছিল এই ভূমিকম্পের উৎসস্থল। সান্তা মনিকা ও পাসাডেনাসহ লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ অঞ্চলে কম্পন অনুভূত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মূল কম্পনের পর অন্তত ৪০টি আফটারশক রেকর্ড করা হয়েছে। ইউএসজিএস জানিয়েছে, ভবিষ্যতে ৪.০ বা তার বেশি মাত্রার আরও একটি আফটারশক হওয়ার ৩০ শতাংশ সম্ভাবনা রয়েছে। ভূমিকম্পের তীব্রতায় লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরের একটি টার্মিনালের ছাদের টাইলস খসে পড়েছে। এছাড়া সান্তা মনিকায় বাড়িঘর ও গাছপালা কেঁপে ওঠায় আতঙ্কিত বাসিন্দারা রাস্তায় বেরিয়ে আসেন। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
পরিস্থিতি মোকাবিলায় লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের ১০৬টি স্টেশনের কর্মীদের শহরের পরিকাঠামো খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস জানিয়েছেন, প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ম্যানহাটন বিচ পায়ার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং পর্যটকদের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। তবে বর্তমানে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।