ডুয়ার্সের আকাশে কাঞ্চনজঙ্ঘার ‘স্লিপিং বুদ্ধা’, মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

সাধারণত দার্জিলিংয়ের টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘার ‘স্লিপিং বুদ্ধা’ দেখার জন্য পর্যটকদের ভিড় জমে। তবে এবার সেই পরিচিত দৃশ্য ধরা দিল ডুয়ার্সের আকাশসীমায়। পাহাড়ের সারি, মেঘের আনাগোনা আর প্রকৃতির নিজস্ব রঙে তৈরি হওয়া এই দৃশ্য দেখে মুগ্ধ স্থানীয় বাসিন্দা ও প্রকৃতিপ্রেমীরা। ডুয়ার্স মানেই চা-বাগান, নদী ও জঙ্গলের হাতছানি, তার মধ্যেই প্রকৃতির এই অনন্য উপহার এক নতুন অভিজ্ঞতার জন্ম দিয়েছে।
নভেম্বরের শুরু থেকেই উত্তরবঙ্গের ডুয়ার্সে শীতের আমেজ বেশ ভালোভাবেই অনুভূত হচ্ছে। ভোর হতেই ঘন কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে গোটা এলাকা। বিশেষ করে গ্রামীণ জনপদে সকালের ছবিটা এখন অনেকটাই বদলে গিয়েছে। কুয়াশার কারণে দূরের দৃশ্য স্পষ্ট না হলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হতেই পাহাড়ের এই মনোমুগ্ধকর রূপ ধরা দেয়। স্থানীয়দের মতে, নভেম্বরের শুরুতে এমন ঘন কুয়াশা আগে খুব একটা দেখা যায়নি।
সকাল ছ’টার পর থেকেই শীতের পোশাক পরে মানুষকে দৈনন্দিন কাজে বের হতে দেখা যাচ্ছে। চায়ের দোকানগুলোতেও শীতের আমেজ নিয়ে চলছে নানা আলোচনা। সকাল সাড়ে আটটা পর্যন্ত কুয়াশার দাপট থাকলেও, রোদ উঠলে কিছুটা গরম অনুভূত হয়। তবে সন্ধ্যা নামার পর থেকেই আবহাওয়া বদলে যায় এবং রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডার প্রকোপ বাড়তে থাকে। প্রকৃতির এই খেয়ালি রূপ ডুয়ার্সের পর্যটন ও জনজীবনে এক নতুন মাত্রা যোগ করেছে।