রাজা চার্লসের সঙ্গে প্রিন্স হ্যারির গোপন বৈঠক, উপস্থিত ছিলেন না পরিবারের অন্য সদস্যরা

রাজা চার্লসের সঙ্গে প্রিন্স হ্যারির গোপন বৈঠক, উপস্থিত ছিলেন না পরিবারের অন্য সদস্যরা

দীর্ঘদিন ধরে চলা রাজকীয় টানাপোড়েনের আবহে ব্রিটিশ রাজপরিবারের অন্দরে এক গুরুত্বপূর্ণ ঘটনার খবর সামনে এসেছে। জানা গেছে, গত ১৭ অক্টোবর বালমোরালে রাজা চার্লসের সঙ্গে একান্তে দেখা করেছেন সাসেক্সের ডিউক প্রিন্স হ্যারি। বন্ধ দরজার আড়ালে হওয়া এই বৈঠকে হ্যারির স্ত্রী মেঘান মার্কেল, তাদের দুই সন্তান আর্চি ও লিলিবেট এবং রানি ক্যামিলা উপস্থিত ছিলেন না। তবে বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে এই বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।

সাম্প্রতিক সময়ে প্রিন্স হ্যারি বিভিন্ন সাক্ষাৎকারে তার পরিবারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইচ্ছার কথা বারবার প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে পারিবারিক পুনর্মিলন অত্যন্ত জরুরি। হ্যারির মতে, কিছু মানুষ এই সম্পর্ক মেরামত হোক তা চাইছেন না, তবে তিনি ব্যক্তিগতভাবে এই দূরত্ব ঘোচাতে আগ্রহী। এর আগে হাইগ্রোভেও বাবা ও ছেলের মধ্যে একটি বৈঠক হয়েছিল, যা রাজপরিবারের পক্ষ থেকে প্রকাশ্যে স্বীকার করা হয়েছিল।

উল্লেখ্য, ২০২০ সালে রাজকীয় দায়িত্ব থেকে সরে এসে হ্যারি ও মেঘান মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করার পর থেকেই রাজপরিবারের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি ঘটে। এরপর থেকে হ্যারি তার বাবা রাজা চার্লস এবং ভাই প্রিন্স উইলিয়ামের সঙ্গে মতপার্থক্যের বিষয়ে বিভিন্ন সময় মুখ খুলেছেন। বালমোরালের এই সাম্প্রতিক ব্যক্তিগত সাক্ষাৎ রাজপরিবারের দীর্ঘদিনের ফাটল মেরামতের ক্ষেত্রে কোনো অর্থবহ পদক্ষেপ কি না, তা নিয়ে এখন জল্পনা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *