পুরুলিয়ায় পর্যটকদের জন্য ১০ দফা নির্দেশিকা জারি করল জেলা পুলিশ

পুরুলিয়ায় পর্যটকদের জন্য ১০ দফা নির্দেশিকা জারি করল জেলা পুলিশ

শীতের মরশুমে পুরুলিয়ায় পর্যটকদের ভিড় সামলাতে এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে ১০ দফা নির্দেশিকা জারি করল জেলা পুলিশ। অযোধ্যা পাহাড়ের হোটেল, লজ, রিসর্ট ও হোমস্টে কর্তৃপক্ষের সঙ্গে আয়োজিত এক সমন্বয় বৈঠকে এই নিয়মগুলি চূড়ান্ত করা হয়েছে। চলতি বছরের জুন মাস পর্যন্ত জেলায় ৬ লক্ষেরও বেশি পর্যটক এসেছেন এবং ডিসেম্বরের মধ্যে এই সংখ্যা ১০ লক্ষে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে প্রশাসনের।

নতুন নির্দেশিকা অনুযায়ী, পর্যটকদের সচিত্র পরিচয়পত্র জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিটি পর্যটক আবাসে একজন নোডাল ম্যানেজার নিয়োগ করতে হবে, যিনি পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন। এছাড়া, জঙ্গলের মধ্যে ক্যাম্পিং করা, অনুমতি ছাড়া ট্রেকিং, রক ক্লাইম্বিং বা ড্রোন ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে। শব্দদূষণ রোধে ডিজে বাজানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং স্থানীয় সংস্কৃতি ও পরিবেশের প্রতি পর্যটকদের সম্মান প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

পর্যটকদের সুবিধার জন্য সিঙ্গল উইন্ডো ব্যবস্থা চালু করা হচ্ছে, যার মাধ্যমে সংশ্লিষ্ট থানা বা ফাঁড়িতে আবেদন জমা দেওয়া যাবে। মোবাইল নেটওয়ার্কহীন শ্যাডো জোনগুলিতে পুলিশ কিয়স্ক বসানো হবে এবং পর্যটনকেন্দ্রগুলিতে বায়ো-টয়লেট ও পরিচ্ছন্নতার ওপর জোর দেওয়া হয়েছে। পাহাড়ি রাস্তায় দুর্ঘটনা এড়াতে ব্লাইন্ড জোনগুলিতে আয়না বসানো এবং ঝোপঝাড় পরিষ্কারের কাজও শুরু হয়েছে। নিয়ম ভাঙলে সংশ্লিষ্ট হোটেল বা রিসর্ট কর্তৃপক্ষকে দায় নিতে হবে বলে স্পষ্ট জানিয়েছে পুলিশ প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *