উত্তরাখণ্ডে গভীর খাদে যাত্রীবাহী গাড়ি, চালকসহ মৃত ৮

উত্তরাখণ্ডের পৌড়ি গাড়ওয়াল জেলার রিখণীখাল ও ল্যান্সডাউন এলাকার কালওয়ারি গ্রামের কাছে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে। একটি যাত্রীবাহী ম্যাক্স গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০০ মিটার গভীর খাদে পড়ে গেলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ল্যান্সডাউন মহকুমা ম্যাজিস্ট্রেট শালিনী মৌর্য জানিয়েছেন, দুর্ঘটনার সময় গাড়িটিতে মোট ১২ জন আরোহী ছিলেন। স্থানীয় বিধায়ক দিলীপ রাওয়াত জানান, একটি দলীয় সভা শেষে মহিলারা রিখানিখাল থেকে নিজেদের গ্রামে ফেরার পথে এই বিপত্তি ঘটে।
দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এই ঘটনায় চালকসহ আটজন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এবং চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জেলা প্রশাসনকে দ্রুত ত্রাণ ও উদ্ধারকাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য আকাশপথে স্থানান্তরের ব্যবস্থাও করতে বলেছেন মুখ্যমন্ত্রী।
পাহাড়ি রাস্তায় যাতায়াতের ক্ষেত্রে এই ধরনের দুর্ঘটনা নতুন নয়। এর আগে গত বছর নভেম্বরের শেষে নৈনিতালে একই ধরনের দুর্ঘটনায় তিন শিক্ষকের মৃত্যু হয়েছিল। খয়রনা-কাইঞ্চিধাম রুটে রাতিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি ৬০ মিটার গভীর খাদে পড়ে যায়। আলমোড়ার বাসিন্দা ওই শিক্ষকরা একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছিলেন। পাহাড়ি এলাকায় ঘন ঘন এই ধরনের দুর্ঘটনা স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।