মায়ানমারে স্কুল ও মঠে সামরিক বাহিনীর বিমান হামলা, শিশুসহ মৃত অন্তত ৩০

মধ্য মায়ানমারের মাগওয়ে অঞ্চলের সিনবাউংওয়ে টাউনশিপে একটি স্কুল ও মঠ চত্বরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে সে দেশের সামরিক বাহিনী। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ৩টে নাগাদ এই হামলায় এক সদ্যোজাত শিশু ও একাধিক স্কুলপড়ুয়া সহ অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। বিরোধী দল ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি) এবং স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী, এই হামলায় নারী ও শিশুসহ ২০ জনেরও বেশি সাধারণ নাগরিক এবং বিদ্রোহী গোষ্ঠীর ৯ জন যোদ্ধা প্রাণ হারিয়েছেন।
অভিযোগ, সামরিক বাহিনী এই হামলায় চারটি ৫০০ পাউন্ডের বোমা, ১২টি কামানের গোলা এবং সাতটি আত্মঘাতী ড্রোন ব্যবহার করেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলার সময় ওই এলাকায় বিদ্রোহী গোষ্ঠী ও সামরিক বাহিনীর মধ্যে কোনো সরাসরি সংঘাত চলছিল না। তবে সেনার সমর্থকদের দাবি, বিদ্রোহীদের একটি জমায়েত লক্ষ্য করেই এই অভিযান চালানো হয়েছে। যদিও মায়ানমারের সামরিক বাহিনী এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এনইউজি এবং মাগওয়ে ফেডারেল ইউনিট সরকার একে যুদ্ধাপরাধ ও জেনেভা কনভেনশন লঙ্ঘন বলে অভিহিত করেছে। তারা আন্তর্জাতিক মহলের কাছে মায়ানমার সেনার জ্বালানি ও অস্ত্র সরবরাহ বন্ধের আর্জি জানিয়েছে। এনইউজি-র দাবি, ২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত সামরিক বাহিনীর ১৫,৩২৭টি বিমান হামলায় ৬,৪৬৭ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। তবে এই হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।