আফগানিস্তানে স্কুলে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৭ পড়ুয়া

আফগানিস্তানের কুনার প্রদেশে একটি স্কুলের কাছে ভয়াবহ বিস্ফোরণে সাতজন ছাত্রের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৯৭ জন। তালিবান স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী, স্কুল সংলগ্ন একটি গোডাউনে মজুত রাখা বিস্ফোরক থেকে এই দুর্ঘটনাটি ঘটেছে। খনি সংস্থাগুলোর কাজের জন্য ওই বিস্ফোরকগুলো সেখানে রাখা ছিল বলে জানা গিয়েছে।
প্রাথমিক তদন্তে প্রশাসনের ধারণা, অসতর্কভাবে বিস্ফোরক মজুত রাখার কারণেই এই বিপত্তি ঘটেছে। খনির কাজ এবং পাহাড় থেকে পাথর সরানোর কাজে ব্যবহারের জন্য বিস্ফোরকগুলো রাখা হয়েছিল। এছাড়া কুনার ও নুরিস্তান প্রদেশকে সংযোগকারী রাস্তা নির্মাণের কাজেও এই বিস্ফোরকগুলো ব্যবহৃত হচ্ছিল। বিস্ফোরণের তীব্রতায় স্কুল ভবন এবং আশেপাশের বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে আসাদাবাদের প্রাদেশিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে কয়েকজনের চিকিৎসা এখনও চলছে, তবে অনেককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনার তদন্তে প্রশাসন একটি বিশেষ দল পাঠিয়েছে। উল্লেখ্য, পাকিস্তানের সীমান্তবর্তী কুনার প্রদেশে খনির কাজ অত্যন্ত সাধারণ একটি বিষয়, যার ফলে সেখানে বিস্ফোরকের ব্যবহারও বেশি থাকে।