থানায় বসিয়ে ভুয়ো হলফনামায় সই করানোর অভিযোগ, সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়

দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিয়ে সাংবাদিক সম্মেলন করলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি তিনটি ভিডিও ক্লিপ প্রকাশ্যে এনে অভিযোগ করেন যে, থানায় বসিয়ে ভয় দেখিয়ে হলফনামার নথিতে সই করানো হচ্ছে। তাঁর দাবি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে যে নথি জমা দেওয়া হয়েছে, তাতে থাকা স্বাক্ষরগুলি সম্পূর্ণ ভুয়ো।
অভিষেকের অভিযোগ, থানার ভেতরে পুলিশকে কাজে লাগিয়ে এই কাজ করা হয়েছে। এমনকি হলফনামায় থাকা নোটারির সইও জাল বলে তিনি দাবি করেছেন। যাঁদের নাম ব্যবহার করে এই হলফনামা জমা দেওয়া হয়েছে, তাঁরা নিজেরাও এই বিষয়ে অবগত নন বলে তিনি জানান। অভিষেক আরও অভিযোগ করেন যে, বন্দুকের মুখে ভয় দেখিয়ে ৪০ থেকে ৫০ জন বিধায়কের সই নিয়ে স্পিকারকে চিঠি দেওয়া হয়েছে।
রাজ্যের প্রশাসনিক ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে অভিষেক বলেন, অতীতে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় থাকলেও পুলিশ প্রশাসনকে এভাবে ব্যবহার করার নজির আগে দেখা যায়নি। এই ঘটনার প্রতিবাদে তিনি আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। প্রয়োজনে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার কথাও জানিয়েছেন তিনি। এই সাংবাদিক বৈঠকে তাঁর পাশে ছিলেন মহুয়া মৈত্র এবং ডেরেক ও’ব্রায়েন।